শেরপুর অঞ্চলের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র প্রতিষ্ঠাতা নিজাম উদ্দিন আহমেদের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ। তিনি ২০০৭ সালের এই দিনে ইন্তেকাল করেন। এদিকে ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ৮ ফেব্রুয়ারি মঙ্গলবার দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়েছে।

কর্মসূচির মধ্যে ছিল পাকুড়িয়া গণইবরুয়া এলাকায় থাকা মরহুমের কবর জিয়ারত, কোরানখানি ও মিলাদ মাহফিল। এছাড়া সন্ধ্যায় শেরপুর চেম্বার অব কমার্সের উদ্যোগে পৃথক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, নিজাম উদ্দিন আহাম্মদ ছিলেন শেরপুরের রাজনৈতিক, সামাজিক, শিক্ষা ও সাংস্কৃতিক অঙ্গণের অন্যতম প্রধান দিকপাল। তৎকালীন সংগ্রাম পরিষদের আহবায়ক হিসেবে মহান মুক্তিযুদ্ধের সংগঠক হয়েও তিনি ভারতে উচ্চতর প্রশিক্ষণ নিয়ে সরাসরি মুক্তিযুদ্ধ করেছেন। তিনি ১৯৭০ এর নির্বাচনে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য নির্বাচিত হন।

আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত থেকেও তিনি তার উদারতা, দক্ষতা ও সাহসিকতার কারণে সার্বজনীন নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। রাষ্ট্র ও প্রশাসনের রক্তচক্ষু উপেক্ষা করেও তিনি মানুষের অধিকার আদায়ের আন্দোলন করেছেন। শেরপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন তার জ্যেষ্ঠ পুত্র।




