পাবনা প্রতিনিধি : স্বতন্ত্র প্রার্থী হিসেবে পাবনার দুটি আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সংবিধান প্রণনয়ণ কমিটির সদস্য, আওয়ামী লীগ নেতা সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক ড. আবু সাইয়িদ। শনিবার সহকারী রির্টানিং অফিসার বেড়া উপজেলা নির্বাহী অফিসারের অফিস থেকে পাবনা- ১ (বেড়া-সাঁিথয়া) এবং পাবনা-২ (বেড়া-সুজানগর) আসনের জন্য তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।
পাবনা- ১ আসনে আওয়ামীলীগের মনোনয়ন পেয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট শামসুল হক টুকু। পাবনা- ২ আসনে আওয়ামীলীগের মনোনয়ন পেয়েছেন বেড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার আজিজুর রহমান আরজু। পাবনা- ২ আসনে এমপি ছিলেন পরিকল্পনামন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) একে খন্দকার। বয়সের কারণে এবার একে খন্দকার দলীয় মনোনয়ন চাননি। তার পরিবর্তে এই আসনে বেড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার আজিজুর রহমান আরজুকে মনোনয়ন দেওয়া হয়েছে।
এ ছাড়া শনিবার পাবনা- ১ আসনে ওয়াকার্স পার্টির কমরেড নজরুল ইসলাম এবং স্বতন্ত্র প্রার্থী প্রবীর গোস্বামী, পাবনা-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদ, পাবনা -৪ আসনে পাবনা জেলা আওয়ামীলীগের সভাপতি শামসুর রহমান শরীফ ডিলু এমপি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর আগে গত বৃহস্পতিবার পাবনা-৫ আসনের জন্য আওয়ামীলীগ মনোনীত প্রার্থী গোলাম ফারুক খন্দকার প্রিন্স ও পাবনা-৩ আসনে জন্য মকবুল হোসেন মনোনয়নপত্র সংগ্রহ করেন।




