এস.গুলবাগী, বগুড়া : বগুড়ায় আসামী ধরতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশের এক এএসআই ও পুলিশ কনস্টেবল। এসময় গ্রেপ্তার করা আসামীসহ পুলিশের অস্ত্র ছিনিয়ে নিয়ে যায় আসামী পক্ষের লোকজন। ২৩ নভেম্বর শনিবার সন্ধ্যায় বগুড়ার ধুনট উপজেলার নিমগাছী ইউনিয়নের লাংলু এলাকায় ওই ঘটনা ঘটে। আহতরা হলেন ধুনট থানায় কর্মরত পুলিশের এএসআই আনিছুর রহমান ও কনস্টেবল ইমরুল হাসান। আশংকাজনক অবস্থায় দু’পুলিশ সদস্যকে বগুড়া শহীদ জিয়াউর রহমানে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ধুনট থানার এএসআই আনিছ ও কনস্টেবল ইমরুল উপজেলার নিমগাছী ইউনিয়নের লাংলু এলাকায় যায়। এক পর্যায়ে সন্ধ্যার আগে তারা ওয়ারেন্টমূলে অস্ত্র মামলার আসামী লাংলু গ্রামের সইমুদ্দিনের পুত্র একরাম হোসেনকে পাকড়াও করে। এসময় তাকে নিয়ে থানার উদ্দেশ্যে রওনা হবার পর পরই হামলার শিকার হয় পুলিশ সদস্যরা। আসামী পক্ষে লোকজন পুলিশের গতিরোধ করে লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এরপর তারা বেপরোয়াভাবে পুলিশ সদস্যদের মারপিট করাসহ তাদের রক্তাক্ত জখম করে। এর এক পর্যায়ে পুলিশের একটি পিস্তল এবং হ্যান্ডকাপসহ আসামী একরামকে ছিনিয়ে নিয়ে যায় আসামী পক্ষের লোকজন ।
এব্যাপারে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবারক হোসেন এর সাথে যোগাযোগ হলে তিনি বিষয়টি নিশ্চিত করে জানান, আসামী ধরতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী অভিযান চালিয়েছে । তবে পিস্তল খোয়া যাবার বিষয়টি তিনি অস্বীকার করে আসামী ধরতে ৩ পুলিশ সদস্য গিয়েছিল এমনটি দাবি করেন।




