শ্যামলবাংলা ডেস্ক : দেশজুড়ে শুরু হয়েছে ক্ষুদে শিক্ষার্থীদের জীবনের প্রথম পাবলিক পরীক্ষা প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা। ২০ নভেম্বর বুধবার প্রথম দিনে গণিত পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষা শুরু হয়েছে সকাল ১১টায়, শেষ হবে দুপুর ১টা ৩০ মিনিটে। তবে প্রতিবন্ধী পরীক্ষার্থীদের জন্য ২০ মিনিট অতিরিক্ত সময় নির্ধারণ করা হয়েছে।
এবছরের পরীক্ষায় অংশ নিচ্ছে সারাদেশের পঞ্চম শ্রেণীতে পড়ুয়া ২৯ লাখ ৫০ হাজার ক্ষুদে শিক্ষার্থী। সারাদেশে ৬ হাজার ৫শ ৭৪টি এবং বিদেশের ৮টি কেন্দ্রে ওই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। প্রাথমিক শিক্ষা সমাপনীতে বৃহস্পতিবার বাংলা, ২৪ নভেম্বর ইংরেজি, ২৫ নভেম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ২৭ নভেম্বর প্রাথমিক বিজ্ঞান এবং ২৮ নভেম্বর ধর্ম পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইবতেদায়ি শিক্ষা সমাপনীতে বৃহস্পতিবার বাংলা, ২৪ নভেম্বর ইংরেজি, ২৫ নভেম্বর পরিবেশ পরিচিতি সমাজ/পরিবেশ পরিচিতি বিজ্ঞান, ২৭ নভেম্বর আরবি এবং ২৮ নভেম্বর কোরআন ও তাজবিদ এবং আকাঈদ ও ফিকহ।
প্রাথমিক শিক্ষা অধিদফতর জানায়, পরীক্ষার নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা শেষ করা গেলে আগামী ২৬ ডিসেম্বরের মধ্যেই ফল প্রকাশ করা হবে।




