এস.এম আজিজুল হক, পাবনা : আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য মোহম্মদ নাসিম বিএনপিকে অন্তবর্তীকালিন সর্বদলীয় সরকারে যোগদানের আহ্বান জানিয়ে বলেছেন, অন্তবর্তীকালীন সর্বদলীয় সরকার গঠিত হয়েছে যার অধীনে সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে। এখনও এ সরকারে যোগদানের সুযোগ রয়েছে। বিএনপি সর্বদলীয় সরকারে যোগ না দিলেও সংবিধান অনুযায়ি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্টিত হবে। বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করেনা তাই তারা গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতার পালাবদল চায়না। দেশের ৯০ ভাগ মানুষ যেখানে যুদ্ধাপরাধীদের বিচারের পক্ষে সেখানে বিএনপি তাদের রক্ষা করতে জামায়াত ও হেফাজতের এজেন্ডা বাস্তবায়নের উদ্দেশ্যে মাঠে নেমেছে। তিনি ১৮ নভেম্বর সোমবার বিকেলে সাঁথিয়া উপজেলার বনগ্রামে হিন্দু সম্প্রদায়ের ওপর সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে ১৪ দল আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে ওই কথা বলেন।
এসময় তিনি বলেন, বিএনপি-জামায়াত দেশব্যাপি সাম্প্রদায়িক সন্ত্রাস চালিয়ে এ দেশকে অকার্যকর রাষ্ট্র বানাতে চায়। এরই ধারাবাহিকতায় তারা পাবনার সাঁথিয়ার বণগ্রামের হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা লুটপাট অগ্নিসংযোগের মত ঘটনা ঘটিয়েছে।
তিনি জামায়াত-শিবিরকে প্রতিহত করতে স্বাধীনতার স্বপক্ষ শক্তিকে মাঠে থাকার আহ্বান জানিয়ে বলেন, হিন্দু-মুসলিম ভাই ভাই বাঙ্গালী এ জাতীসত্ত্বা নিয়ে এ দেশে বাঁচতে চাই।
আতাইকুলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কোরবান আলীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশের ওয়াকার্স পার্টি পলিটবুরো সদস্য ফজলে হোসেন বাদশা এমপি, জাতীয় শ্রমিক জোটের কেন্দ্রীয় সভাপতি নারী নেত্রী শিরিন আক্তার, ৯০ এর ছাত্র আন্দোলনের রুপকার নাজমুল হক প্রধান, গণতান্ত্রিক পার্টির কেন্দ্রীয় সদস্য মাহবুবুর রহমান বাবু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রেজাউল রহিম লাল, চন্দন চক্রবর্তী, আব্দুল হামিদ মাষ্টার, মিরাজুল ইসলাম প্রামানিক, কমরেড জাকির হোসেন, আমিরুল ইসলাম রাঙা, সোহেল হাসান শাহীন, রেজাউল করিম মনি, হাবিবুল হক মিন্টু প্রমুখ। পরে সমাবেশ শেষে ১৪ দলের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ হিন্দু সম্প্রদায়ের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।




