কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা : ১৮ দলের ডাকা টানা ৮৪ ঘন্টার হরতালের সমর্থনে হরতালের তৃতীয় দিন রাতে গাজীপুরের কালীগঞ্জে টঙ্গী-কালীগঞ্জ-ঘোড়াশাল সড়কের মূলগাঁও নামক স্থানে একটি ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে হরতালের সমর্থনকারীরা। ১২ নভেম্বর মঙ্গলবার রাতে ওই ঘটনা ঘটে। ওই ঘটনায় আহত হয়েছে ৩ জন। আহতরা হচ্ছে খুলনার খালীসপুর কাষ্টমোর গ্রামের মান্নান ব্যাপারীর ছেলে দুবাই প্রবাসী বাবুল ব্যাপারী (৩৮), বাগেরহাটের সৈয়দপুর গ্রামের গনি গাজরার ছেলে ট্রাক ড্রাইভার সাইদুল হাজরা (৩৫), বাগেরহাটের হাকিমপুর গ্রামের আবু শেখের ছেলে ট্রাকের হেলপার মো. ঈস্রাফিল (১৯)। আহতদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা যায়, মঙ্গলবার রাত ১০টায় হরতালের সমর্থক এক দল দুর্বৃত্ত উপজেলার টঙ্গী-কালীগঞ্জ-ঘোড়াশাল সড়কের মূলগাঁও নামক স্থানে নরসিংদীগামি একটি ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে ট্রাকের অগ্রভাগ পুড়ে যায় এবং ট্রাকের ড্রাইভারসহ ৩ যাত্রী আহত হয়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাজমুল হক ভূঁইয়া অগ্নিসংযোগের ঘটনার সত্যতা স্বীকার করেছেন।




