স্টাফ রিপোর্টার ॥ আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন উপলক্ষে শেরপুরে সমাবেশ, র্যালি ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। ৮ আগস্ট বৃহস্পতিবার সকালে শহরের চকবাজারস্থ কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে নাগরিক সংগঠন জনউদ্যোগের আয়োজনে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়।
আইইডির আদিবাসী সক্ষমতা উন্নয়ন প্রকল্পের ফেলো সুমন্ত বর্মণের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা মহিলা পরিষদের সভানেত্রী জয়শ্রী দাস লক্ষ্মী, জেলা মানবাধিকার কমিশনের সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া, প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, শেরপুর জনউদ্যোগের আহবায়ক আবুল কালাম আজাদ, সদস্য সচিব হাকিম বাবুল, জেলা উদীচী সভাপতি তপন সারওয়ার, শেরপুর আদিবাসী সমাজ উন্নয়ন সংস্থার চেয়ারম্যান মনীন্দ্র চন্দ্র বিশ্বাস, আইইডির ইয়ুথ অ্যাজ চেঞ্জ এজেন্ট ফর সোশ্যাল কোহেশন প্রকল্পের সমন্বয়কারী মানিক পাল, জেলা হদি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আশুতোষ বিশ্বাস, মানবাধিকার কর্মী শামীম হোসেন, সংস্কৃৃতি কর্মী নুর মোহাম্মদ, নালিতাবাড়ীর আদিবাসী নেত্রী বন্দনা চাম্বুগং, ক্লডিয়া নকরেক কেয়া, কোচ নেতা যুগল কিশোর কোচ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কোচ ছাত্র সংগঠন পিলাচের সভাপতি মিথুন কোচ।
সমাবেশে বক্তারা বলেন, এদেশে বাঙালি ছাড়াও সমতল ও পাহাড় মিলে প্রায় ৪৫টিরও অধিক আদিবাসী জনগোষ্ঠীর বসবাস রয়েছে। তাদের সবারই রয়েছে সমৃদ্ধ ঐতিহ্য ও বিশেষায়িত শিল্প-সংস্কৃতি। কিন্তু বর্তমানে বিশ্বায়ন ও বাজার অর্থনীতি, জাতি-আধিপত্য এবং বণ্টনের হিস্যা না পাওয়াসহ নানা কারণে আদিবাসীরা পিছিয়ে রয়েছে। এজন্য সকল আদিবাসীদের অধিকার রক্ষায় সরকারের দৃষ্টি আকর্ষণ করেন বক্তারা।
পরে শহীদ মিনার চত্ত্বর থেকে এক র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, সমতলের আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশন, মাতৃভাষায় শিক্ষার অধিকার, কালচারাল একাডেমী স্থাপন এবং কমিউনিটিভিত্তিক বরাদ্দ প্রদানের দাবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্মারকলিপি জেলা প্রশাসক আনার কলি মাহবুবের হাতে তুলে দেওয়া হয়।





