জয়পুরহাট : জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার হিন্দুপাড়াতে সেফটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে বিষাক্ত গ্যাসে ৬ শ্রমিকের মৃত্যু হয়েছে। ৩১ জুলাই বুধবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। ওই ঘটনায় আহত হয়েছেন আরও ৩ শ্রমিক। নিহতদের মধ্যে ৫ জনের পরিচয় পাওয়া গেছে। এরা হচ্ছেন ওই গ্রামের প্রীতম চন্দ্র, ভুট্টো চন্দ্র, পাশের গণিপুর গ্রামের শাহিন হোসেন, সজল ও মুকুল।
স্থানীয়রা জানান, হিন্দুপাড়ার নিখিল চন্দ্রের বাড়িতে সেফটিক ট্যাংক পরিষ্কার করতে যান শ্রমিকরা। সেফটিক ট্যাংকটি অনেকদিন পরিষ্কার করা হয়নি। প্রথমে সেফটিক ট্যাংকে দুই শ্রমিক নেমে অসুস্থ হয়ে পড়েন। এরপর তাদের উদ্ধার করতে নেমে অসুস্থ হয়ে পড়েন আরও ৭জন। ঘটনাস্থলেই ৪জনের মৃত্যু হয়। নওগাঁ সদর হাসপাতালে নেওয়ার পর আরও ২ জনের মৃত্যু হয়।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কিরণ কুমার রায় জানান, আহত তিনজনের মধ্যে দুইজনকে নওগাাঁ সদর হাসপাতালে ও একজনকে আক্কেলপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।




