মশিউর রহমান পিংকু, ভোলা : ১৮ দলীয় জোটের ডাকা টানা ৮৪ ঘন্টা হরতালের প্রথম দিনে ভোলায় টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে হরতাল সমর্থকরা। এ সময় ৫টি অটোরিক্সা ভাংচুর করে পিকেটাররা। ৯ নভেম্বর শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলা থেকে বিএনপির ১৩ ও জামায়াতের ২ কর্মীকে আটক করেছে পুলিশ।
স্থানীয়রা জানান, সকালে ভোলা চরফ্যাশন সড়কের কমরউদ্দিন নামক স্থানে পিকেটাররা ৫টি অটোরিক্সা ভাংচুর করেছে। এছাড়া ঘুইংগারহাট এলাকায় সড়কে টায়ার জ্বালিয়ে যানবাহন চলাচলে বাঁধা দেয় পিকেটাররা । এসময় পুলিশের সঙ্গে পিকেটারদের ধাওয়া-পাল্টা ধাওয়ার খবর পাওয়া গেছে।
ভোলার পুলিশ সুপার মো. মনিরুজ্জামান জানান, ভোলা সদরে ৭জন, লালমোহনে ২, দক্ষিণ আইচায় ২, দৌলতখান, বোরহান উদ্দিন,তজুমদ্দিন ও চরফ্যাশনে একজন করে মোট ১৫ জনকে আটক করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।




