দৌলতখান (ভোলা) সংবাদদাতা : ভোলার দৌলতখান উপজেলার চরখলিফা ইউপির ১নং ওয়ার্ডের মসজিদ বাড়িতে রবিবার সকালে অভিযান চালিয়ে কিশোরী প্রেমিকাসহ এক প্রেমিককে আটক করেছে থানাপুলিশ। এ বছরের জেএসসি পরীক্ষার্থী তাছলিমা আকতার বৃষ্টি (১৩) নামে ওই কিশোরী ঢাকার মালিবাগ কমিউনিটি সেন্টারের বিপরীত দিকে বসবাসকারী কার ড্রাইভার দুলাল মিয়ার মেয়ে।
২২ অক্টোবর সে বাসা থেকে ওই এলাকার একটি অটোমোবাইল গেরেজে মেকানিকের কাজ করা প্রেমিক হাছনাইনের (২২) হাত ধরে পালিয়ে যায়। হাছনাইন দৌলতখান উপজেলার দক্ষিন কলাকোপা গ্রামের মসজিদ বাড়ির দরিদ্র খোরশেদ আলমের ছেলে। মেয়ের খোঁজ পেয়ে কলেজ পড়–য়া ছেলেকে নিয়ে ঢাকা থেকে দৌলতখানে ছুটে আসেন তাছলিমার মা রওশনআরা। তিনি জানান, ২২ অক্টোবর তাছলিমা নিখোঁজ হওয়ার পর ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে খোঁজাখোঁজি করে কোথাও না পেয়ে রামপুরা থানায় সাধারণ ডায়রি করেন। পরে গোপন সূত্রে জানতে পারেন তাছলিমাকে হাছনাইন তার গ্রামের বাড়ি দৌলতখানে নিয়ে গেছে। এর পর দৌলতখান থানার সহযোগিতায় হাছনাইন ও তাছলিমাকে হাছনাইনের বাড়ি থেকে আটক করা হয়। এ সময় তারা চট্টগ্রামে নোটারী পাবলিকের মাধ্যমে তাদের বিয়ে হয়েছে বলে জানায়।এ ব্যাপারে দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবল হক জানান, মেয়েটি মাইনর হওয়ায় আইনানুগ ব্যবস্থা গ্রহনের কোন বিকল্প নেই।




