মশিউর রহমান পিংকু, ভোলা : কেন্দ্রীয় নেতাদের আটকের প্রতিবাদে ভোলা সদর উপজেলায় জেলা বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল বিক্ষিপ্ত পিকেটিং ও ভাংচুরের মধ্য দিয়ে শেষ হয়েছে। হরতালে চরনোয়াবাদ, খেয়াঘাট ও আলীয়া মদ্রাসা সড়কে ১০টি অটোরিক্সা ভাংচুর করে পিকেটাররা। শহরের আশপাশের এলাকায় বিক্ষিপ্ত পিকেটিং চলাকালে পুলিশের সঙ্গে বিএনপি কর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। নাশকতার আশংকায় উকিলপাড়া থেকে দুই জনকে আটক করেছ পুলিশ। ৯ নভেম্বর শনিবার ভোর সাড়ে ৪টার দিকে তাদের আটক করা হয়।
স্থানীয়রা জানান, সকাল ৬টার দিকে চরনোয়াবাদ এলাকায় বিক্ষিপ্তভাবে পিকেটিংয়ের সময় ৪টি অটোরিক্সা ভাংচুর করে পিকেটাররা। এদিকে শনিবার দুপুরে হরতাল সমর্থনকারীরা খেয়াঘাট সড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাখলে পুলিশের সাথে পিকেটারদের কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরে আলীয়া মাদ্রাসা রোড এলাকায় ৫টি অটোরিক্সা ভাংচুর করে পিকেটাররা। জেলা বিএনপির যুগ্ম সম্পাদক হারুন-অর রশিদ ট্রুমেন এর নেতৃত্বে হরতালের সমর্থনে শহরে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসময় অন্যান্যদের মধ্যে ছিলেন এনামুল হক, হুমায়ূন কবির সোপান, তরিকুল ইসলাম কায়েদ, আবু নোমান, জেলা ছাত্রদল সভাপতি খন্দকার আল আমিন, মনিরুল ইসলাম, জিয়াউর রহমান পলাশ প্রমূখ।
হরতালে অধিকাংশ দোকান, ব্যবসা প্রতিষ্ঠান ও যানবাহন চলাচল বন্ধ থাকায় গন্তব্যগামী যাত্রীরা ভোগান্তিতে পড়েন। নাশকতা এড়াতে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ও র্যাবের গাড়ি টহল দিতে দেখা গেছে।




