বগুড়া-৬ আসনের উপনির্বাচন ও শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচনের পরিবেশ নিয়ন্ত্রণে রাখতে সীমিত থাকবে যান চলাচল। এক্ষেত্রে গত মধ্যরাত ১২টা থেকে ৩ দিন মোটরসাইকেল (বাইক) বন্ধ থাকছে। গতকাল ইসির উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন এমন চিঠি সড়ক বিভাগের সচিবকে পাঠিয়েছেন বলে জানা গেছে।

এতে বলা হয়েছে, আগামীকাল ৯ এপ্রিল ত্রয়োদশ জাতীয় সংসদের বগুড়া-৬ আসনের শূন্য পদে উপনির্বাচন এবং শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোট গ্রহণের নির্ধারিত দিনের আগের দিন মধ্যরাত অর্থাৎ আজ ৮ এপ্রিল রাত ১২টা থেকে ৯ এপ্রিল রাত ১২টা পর্যন্ত পিকআপ, মাইক্রোবাস, ট্রাক, ট্যাক্সি ক্যাব ও প্রাইভেট কার চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এ ছাড়া ৭ এপ্রিল রাত ১২টা থেকে ১০ এপ্রিল রাত ১২টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা থাকবে। এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন ও অনুমোদিত পর্যবেক্ষক, জরুরি সেবায় নিয়োজিত যানবাহন এবং ওষুধ, চিকিৎসাসামগ্রী ও সংবাদপত্র পরিবহনকারী যানবাহন, দূরপাল্লার যাত্রীবাহী যানবাহন অথবা দূরপাল্লার যাত্রী হিসেবে স্থানীয় পর্যায়ে যাতায়াতের ক্ষেত্রে ব্যবহৃত যানবাহনের ওপর নিষেধাজ্ঞা শিথিল থাকবে। এ ছাড়া প্রতিদ্বন্দ্বী প্রার্থীর জন্য একটি এবং তার নির্বাচনি এজেন্টের জন্য একটি যানবাহন (জিপ, কার, মাইক্রোবাস ইত্যাদি), যা রিটার্নিং কর্মকর্তার অনুমোদন ও স্টিকার প্রদর্শনের শর্তে চলাচল করতে পারবে।
বগুড়া-৬ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে মো. আবিদুর রহমান, বিএনপির মো. রেজাউল করিম বাদশা ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মো. আল আলিম তালুকদার। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দুই আসনে জয়ী হয়ে ঢাকা-১৭ আসনটি রেখে বগুড়া-৬ আসন ছেড়ে দেওয়ায় এটি শূন্য হয়ে যায়।

শেরপুর-৩ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন- বিএনপির মো. মাহমুদুল হক রুবেল, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. মাসুদুর রহমান ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) মো. মিজানুর রহমান। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে এ আসনের একজন বৈধ প্রার্থী মৃত্যুবরণ করায় ভোট স্থগিত করা হয়।




