ads

রবিবার , ১৪ ডিসেম্বর ২০২৫ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সুদানে জাতিসংঘের শান্তিরক্ষী ঘাঁটিতে হামলায় ৬ বাংলাদেশি নিহত

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ১৪, ২০২৫ ১:৩০ অপরাহ্ণ

সুদানের আবেই শহরে জাতিসংঘের শান্তিরক্ষীদের একটি ঘাঁটিতে হামলায় ছয়জন বাংলাদেশি সেনাসদস্য নিহত হয়েছেন। এতে আরও আটজন সেনার আহত হওয়ার তথ্য দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। ১৩ ডিসেম্বর শনিবার রাত ১০টার দিকে এ তথ্য দিয়ে আইএসপিআর বলেছে, দেশটির আবেই শহরে যুদ্ধ চলমান রয়েছে।

Shamol Bangla Ads

এখন পর্যন্ত নিহত ও আহতদের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে হাসপাতাল সূত্রের বরাতে বলা হয়েছে, দেশটির কাদুগলি এলাকায় জাতিসংঘের ভবনে ড্রোন দিয়ে হামলা চালানো হয়। এ হামলার জন্য আরএসএফকে দায়ী করে সুদান সরকার নিন্দা জানিয়েছে।

রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনার বিষয়ে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানানো হয়েছে, এ খবর পাওয়ার পর আহত শান্তিরক্ষীদের সর্বোচ্চ চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করতে ইতিমধ্যেই জাতিসংঘের প্রতি অনুরোধ জানানো হয়েছে। এই দুঃসময়ে সরকার শান্তিরক্ষীদের পরিবারগুলোর পাশে থাকবে।

Shamol Bangla Ads

একই সঙ্গে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বিবৃতিতে বলেছেন, নিহত শান্তিরক্ষীদের লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে সরকার জাতিসংঘের সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ চালিয়ে যাবে।
সুদানে কয়েক বছর ধরে শান্তিরক্ষী মিশনে নিয়োজিত রয়েছেন বাংলাদেশের সেনাসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা। আফ্রিকার দেশটিতে গত দুই বছর ধরে সরকারের সঙ্গে র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ ) নামের সশস্ত্র একটি গোষ্ঠী লড়াই চালিয়ে যাচ্ছে। দেশটির বিভিন্ন অংশে প্রায়ই সশস্ত্র হামলা ও পাল্টা হামলায় হতাহতের খবর আসছে।

প্রধান উপদেষ্টার শোক
আবেই শহরে জাতিসংঘের শাক্তিরক্ষীদের ঘাঁটিতে আক্রমণের এ ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। এ বিষয়ক বিবৃতিতে তিনি বলেন, “শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার মহান দায়িত্ব পালনের সময় আমাদের ৬ জন বীর শান্তিরক্ষীর শাহাদাত বরণ এবং আরও ৮ জনের আহত হওয়ার সংবাদে আমি গভীরভাবে মর্মাহত।

“জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের বিপুল অবদান আন্তর্জাতিকভাবে স্বীকৃত; বীরদের এই আত্মত্যাগ একদিকে জাতির গৌরব, অন্যদিকে গভীর বেদনার।”

তিনি নিহত শান্তিরক্ষীদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে আহত শান্তিরক্ষীদের দ্রুত আরোগ্য কামনা করেন।

বিবৃতিতে তিনি এ ধরনের সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, শান্তিরক্ষীদের ওপর হামলা আন্তর্জাতিক শান্তি ও মানবতার বিরুদ্ধে গুরুতর অপরাধ। তিনি জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে শান্তিরক্ষীদের নিরাপত্তা আরও জোরদারে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!