‘আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠা ও ভবিষ্যৎ গঠনে কৃত্রিম বুদ্ধিমত্তার সার্থক প্রয়োগ’ এই প্রতিপাদ্যকে ধারণ করে নানা আয়োজনের মধ্য দিয়ে বান্দরবানে পালিত হয়েছে আন্তর্জাতিক আদিবাসী দিবস। এ উপলক্ষে ৯ আগস্ট শনিবার সকালে জেলা শহরের স্থানীয় রাজমাঠে আয়োজন করা হয় গণসংগীত ও আলোচনা সভা।

এর আগে জেলার বিভিন্ন এলাকা থেকে পাহাড়ি জনগোষ্ঠীর তরুণ-তরুণীরা নিজ নিজ ঐতিহ্যবাহী পোশাক পরিধান করে অনুষ্ঠান স্থলে এসে জড়ো হয়ে গণসংগীত অনুষ্ঠানে অংশ নেয়। প্রতিবছর ৯ আগস্টকে আন্তর্জাতিক আদিবাসী দিবস হিসেবে পালন করা হয়। ১৯৯৪ সাল থেকে জাতিসংঘের পক্ষ থেকে বিশ্বব্যাপী পালন করে আসছে দিবসটি।
বান্দরবান আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন কমিটির আহ্বায়ক ডা. মং উষাথোয়াই এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং।

সমাবেশে বক্তারা পার্বত্য চট্রগ্রাম শান্তি চুক্তির ধারাসমুহ দ্রুত বাস্তবায়নের পাশাপাশি আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি প্রদানসহ শান্তি চুক্তির দ্রুত বাস্তবায়ন, পার্বত্য জেলায় অবৈধ বসবাসকারীদের উচ্ছেদসহ আদিবাসীদের শিক্ষা, ভূমি ও জীবনের অধিকার নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহবান জানান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে দৈনিক আমাদের সময়ের নির্বাহী সম্পাদক এহসান মাহমুদ, বাংলাদেশ যুব ইউনিয়নের সভাপতি খান আসাদুজ্জামান মাসুম’সহ বিভিন্ন পাহাড়ি সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।




