বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকার করছিল ভারতীয় ১৪ জেলে। ওইসময় অনুপ্রবেশের অপরাধে এফবি পারমিতা নামের ভারতীয় ফিশিং ট্রলারসহ তাদের আটক করেন যুদ্ধ জাহাজ বানৌজা বিষখালীর নৌসেনারা। ৩ আগস্ট রবিবার বিকেলে ট্রলারটি বাগেরহাটের দিগরাজে নৌবাহিনীর মোংলা নৌঘাঁটিতে নিয়ে আসা হয়েছে। ট্রলারটিতে থাকা ইলিশসহ বিপুল পরিমাণ সামুদ্রিক মাছ নিলামে বিক্রি করা হবে।

এদিকে ট্রলারসহ আটক জেলেদের মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে। এর আগে গত শনিবার রাতে তাদের আটক করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আটক জেলেদের বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগোনা জেলায়। এর আগে গত ১৪ জুলাই বঙ্গোপসাগরের একই এলাকা থেকে এফবি ঝড় ও এফবি মঙ্গল চন্ডী নামে ২টি ফিশিং ট্রলারসহ ৩৪ ভারতীয় জেলেকে আটক করেছিল নৌবাহিনী।

এ ব্যাপারে মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, থানায় হস্তান্তরের পর সমুদ্রসীমা আইন লঙ্ঘন করে বেআইনিভাবে বাংলাদেশের জলসীমায় মাছ শিকারের অপরাধে আটক ভারতীয় জেলেদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। সোমবার সকালে আটক ভারতীয় এসব জেলেদের বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।




