নিশব্দের ভিতরেই থাকে
বাঁচা-মরা জটিল সমীকরণ—
একটি অনুচ্চারিত শব্দ
হয়তো কাঁদিয়ে ফেলে শতাব্দী।
কথা— যার নেই কোনো থা,
নেই শুরু, নেই শেষের ঘোষণা,
তবু তার ছায়া পড়ে হৃদয়ের আকাশে,
যেখানে বৃষ্টি নামে শুধুই বোবা আর্তিতে।
সব কিছুর মূলে
সে-ই তো অনুপস্থিতির সবচেয়ে বড়ো উপস্থিতি,
কোনোদিন না বলা সেই কথাটিই
শেষ দৃশ্যের নেপথ্য নায়ক।
তুমি ভাবো, কিছুই বলিনি—
আসলে আমি সবই বলে গেছি,
শুধু ভাষার পিঠে চড়ে আসেনি সেসব,
ছিল আত্মার অতলে, নিঃশব্দ এক বিস্ফোরণ।




