মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনার সঠিক তদন্ত ও নিহতের সঠিক তথ্য প্রকাশ এবং শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগ দাবিতে সায়েন্সল্যাব মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। ২২ জুলাই মঙ্গলবার দুপুরে ঢাকা কলেজ, সিটি কলেজ, আইডিয়াল কলেজসহ ধানমন্ডির ৫টি কলেজের শিক্ষার্থীরা এ বিক্ষোভ করেন। ওইসময় তারা শিক্ষা উপদেষ্টা সি আর আবরার ও শিক্ষা সচিবের পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

এছাড়াও ধানমন্ডির বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা মিছিল নিয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে অবস্থান করছেন। রাজধানীর মিরপুর ও মগবাজার এলাকার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরাও মিছিল নিয়ে শিক্ষা বোর্ডের দিকে যাচ্ছেন।
শিক্ষার্থীরা জানিয়েছেন, রাত ৩টার দিকে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্তে তারা ক্ষুব্ধ। এ জন্য তারা শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগ চাচ্ছেন। ২৪ ঘণ্টার মধ্যে তারা পদত্যাগ না করলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।




