ময়মনসিংহে বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। ১৬ জুন সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ময়মনসিংহ রেলওয়ে জংশন এলাকায় ওই ঘটনা ঘটে। ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তার হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বলাকা কমিউটার ট্রেনটি নেত্রকোনার জারিয়ার দিকে যাচ্ছিলো। সকাল সাড়ে ৯টার দিকে ময়মনসিংহ রেলওয়ে জংশন এলাকা পর্যন্ত আসতেই ৩ নম্বর লাইনে ইঞ্জিনের চাকা লাইনচ্যুত হয়। তবে অন্যান্য লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।

তিনি আরও বলেন, খবর পেয়ে রেলওয়ের উদ্ধারকর্মীরা এসে আধাঘণ্টার চেষ্টায় লাইনচ্যুত হওয়া ইঞ্জিন রেখে বিকল্প ইঞ্জিন যুক্ত করেন। পরে সকাল ১০টার দিকে ট্রেনটি আবারও জারিয়ার দিকে ছেড়ে যায়। তবে এখনো লাইনচ্যুত হওয়া ইঞ্জিন উদ্ধারকাজ চলমান রয়েছে।





