ইডেন গার্ডেনে গতকাল কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ১ রানে হেরে যাওয়া ম্যাচে রাজস্থান রয়্যালসের অধিনায়ক রিয়ান পরাগ খেলেন দারুণ এক ইনিংস। তিনি মাত্র ৪৫ বলে করেন ৯৫ রান, যেখানে ছিল ৮টি বিশাল ছক্কা। যার মধ্যে ছিল টানা ৬টি। যা আইপিএল ইতিহাসে প্রথমবারের কোনো ব্যাটসম্যানের টানা ৬ বলে ছক্কা মারার ঘটনা।

টানা ৬ ছক্কা হাঁকানোর পথে জীবনের এক ‘স্বপ্নপূরণের’ মুহূর্ত পান রিয়ান পরাগ। রাজস্থানের ইনিংসের ১৩তম ওভারে কলকাতার অলরাউন্ডার মঈন আলির ওভারে পরপর ৫টি ছক্কা হাঁকান তিনি, ওভারে মোট ৩২ রান নেন। এরপর ১৪তম ওভারের দ্বিতীয় বলে বরুণ চক্রবর্তীর বলে আরও একটি ছক্কা মেরে টানা ৬ ছক্কা পূর্ণ করেন পরাগ।
টানা ৬ ছক্কা মারার পর এখন আলোচনায় পরাগের ২ বছর আগের এক এক্স (সাবেক টুইটার) পোস্ট।

২০২৩ সালের আইপিএলের আগে পোস্টে পরাগ লিখেছিলেন, তিনি এক ওভারে ৪টি ছক্কা মারার স্বপ্ন দেখেন। দুই বছর পর সেই স্বপ্ন ছাড়িয়েই গিয়ে পরাগ টানা ছয়টি ছক্কা মারেন।
আইপিএলে টানা ৬ বলে ৬ ছক্কা মারার রেকর্ড এটিই প্রথম। এর আগে ক্রিস গেইল (২০১২), রাহুল তেওয়াতিয়া (২০২০), রবীন্দ্র জাদেজা (২০২১) ও রিংকু সিং (২০২৩) টানা ৫ ছক্কা মারলেও ছয় বলে ছক্কা মারতে পারেননি কেউই।
তার ওই স্মরণীয় ইনিংস খেলার পরও জিততে পারেনি রাজস্থান রয়্যালস।, কলকাতার কাছে এক রানে হেরে ইতোমধ্যেই প্লে-অফ দৌড় থেকে ছিটকে গেছে দলটি।




