ads

শনিবার , ২৮ ডিসেম্বর ২০২৪ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এখন সংস্কার না হলে, আর কখনোই হবে না: উপদেষ্টা সাখাওয়াত

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ২৮, ২০২৪ ৯:৪৮ অপরাহ্ণ

এখন সংস্কার না হলে, আর কখনোই হবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের নৌ-পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব.) এম সাখাওয়াত হোসেন। শনিবার রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত ঐক্য, সংস্কার ও নির্বাচন শীর্ষক জাতীয় সংলাপে তিনি এ মন্তব্য করেন।

Shamol Bangla Ads

সাখাওয়াত হোসেন বলেন, ‘এই সময়ে যদি আমরা কিছু সংস্কার করতে না পারি, তাহলে আর কখনোই করা যাবে না। কারণ আমরা ২০০৭ সালে একবার চেষ্টা করেছিলাম, কিছু কিছু করেছিলাম। তবে সেগুলো থাকেনি ক্ষমতাসীন রাজনৈতিক দলগুলোর কারণে। এখন যদি সংস্কার না করতে পারি, সংবিধানের দোহাই দিই, অন্যান্য আইনের দোহাই দিই, তাহলে জুলাই গণ-অভ্যুত্থানে যারা রক্ত দিয়েছেন তাঁদের প্রতি অন্যায় হবে। বলছি না যে আমরা চার-পাঁচ বছর থাকব। এক বছরের মধ্যে সংস্কার করা সম্ভব।’

তরুণদের রাজনৈতিক দল গঠনে উৎসাহিত করা উচিত উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা বলেন, ‘তাঁদের অনুৎসাহ করা ঠিক নয়। আমরা মনে করি নতুন রক্ত প্রয়োজন। তাদের নিরুৎসাহিত করবেন না। রাজনৈতিক দলগুলোর প্রতি অনুরোধ, তাঁদের উৎসাহিত করুন। তাঁরা আপনাদের প্রতিদ্বন্দ্বী নয়। তাঁদেরকে যদি উৎসাহিত না করেন, তাহলে আমরা এ জিনিসই (আওয়ামী লীগের পতন) দেখব। আজকে না হয় ১০ / ১৫ বছর পরে দেখব।’

Shamol Bangla Ads

রাজনৈতিক দলগুলোর প্রতি ধৈর্য ধরার অনুরোধ জানিয়ে এম সাখাওয়াত হোসেন বলেন, ‘ধৈর্য ধরতে হবে। আমরা কঠিন পরিস্থিতি মোকাবিলা করছি। নির্বাচন আইন পরিবর্তন করলে হবে না রাজনৈতিক সংস্কৃতি ও পদ্ধতির পরিবর্তন করলেই নির্বাচনী আইনও পরিবর্তন হয়ে যাবে। এবারের নির্বাচনের আগে বলেছিলাম, যে নির্বাচনে যাবে আম-ছালা দুটোই যাবে। সেটাই হয়েছে।’

সাখাওয়াত হোসেন বলেন, ‘খুব সামনে আমাদের জন্য বড় অনেক বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। এটা শুধু অভ্যন্তরীণ নয়, সবচেয়ে বড় চ্যালেঞ্জ আসবে দেশের বাহির থেকে। আমাদের নতুন প্রতিবেশী তৈরি হচ্ছে। সেটা স্বাভাবিক নয়, ভিন্নধর্মী প্রতিবেশী। আরাকান এখন নতুন বাস্তবতা। আমরা এত দিন বিবেচনা করতে পারিনি। এখন বিষয়টি নিয়ে ভাবতে হবে।’

দেশে নির্বাচনী আইনের বড় ধরনের সংস্কার প্রয়োজন বলে মনে করেন এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ‘নির্বাচন নিয়ে স্থায়ী সমাধান প্রয়োজন।’ রাজনৈতিক দলগুলোর ফান্ড নিয়ে তিনি বলেন, ‘এখনকার রাজনৈতিক দলগুলো মিস্টার আলম-টালমের মতো লোকের পয়সা দিয়ে চলছে। এখনো রাস্তায় বলা হচ্ছে আমরা ১৬-১৭ বছর ক্ষমতায় ছিলাম না, নির্বাচন করতে পয়সা লাগবে, সেটার জন্য চাঁদাবাজি করছে। এটা অস্বীকার করা যাবে না। এই জায়গায় একটা বড় সংস্কার প্রয়োজন। আমরা দেখছি একটা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বহিষ্কার করছেন, কিন্তু এনাফ নয়।’

সাখাওয়াত হোসেন বলেন, ‘আমরা আমাদের ছাত্রদের নিয়ে রাজনীতি করতে গেলে সেটার পরিণতি কী সেটা দেখতে হবে। ছাত্রদের রাজনীতি অবশ্যই করা উচিত। তবে সেটা অবশ্যই ছাত্র সংসদের মাধ্যমে হওয়া উচিত। ছাত্রদল বা ছাত্রলীগ, কৃষক লীগ, শেষ পর্যন্ত লীগ হতে হতে বাচ্চা লীগও হয়ে গেছে। সেটার পরিণতি কী সেটা দেশ দেখছে।’

বাংলাদেশে অবশ্যই দ্বিকক্ষ সংসদ ব্যবস্থা হতে হবে বলে মনে করেন এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, সেই জায়গায় বিভিন্ন রকমের মানুষ আসবে। তারা একটা নির্বাচনের জন্য গাইডলাইন তৈরি করতে পারে। সেখানে আলাদা করে তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন হবে না।

বাংলাদেশে রাজনৈতিক দল পরিচালনার জন্য আইন থাকা প্রয়োজন মন্তব্য করে তিনি বলেন, ১৯৭৮ সালে জিয়াউর রহমান সাহেব করেছিলেন কিন্তু রাজনৈতিক দলগুলো মানেননি। একটা আইন অবশ্যই প্রয়োজন। না হলে বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর যে করণীয় তা দেখছি না। আমরা দেখছি রাজনৈতিক দল তৈরি হয়, কোন্দল তৈরি হয় এবং একদল আরেক দলকে খেয়ে ফেলে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘আমি জীবনভর অনেক আন্দোলন, সংগ্রামে অংশ নিয়েছি। বিজয়ী হয়েও বারবার হেরে গেছি। অনেক বিজয় এসেছিল, ধরে রাখতে পারিনি। এখন প্রশ্ন উঠেছে, দীর্ঘদিনের গণতান্ত্রিক আন্দোলনে যারা শহীদ হয়েছেন, নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছেন, গুম হয়েছেন কিংবা যারা চব্বিশের গণ-অভ্যুত্থানে জীবন দিয়েছেন, পঙ্গু হয়েছেন, তাদের আত্মত্যাগ ধরে রাখতে পারব তো? দেশের নানামুখী সংস্কার প্রক্রিয়ার মধ্যে এখন অনেক দাবিতে প্রশাসনিক, রাজনৈতিক ও সামাজিক অঙ্গন মুখর রয়েছে। এতে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকেরা মন্তব্য করেছেন।’

নজরুল ইসলাম খান বলেন, ‘আমরা সব সময়ই বলি, ভালো চাই, আরও ভালো চাই। আমাদের পাওয়ার আকাঙ্ক্ষার শেষ নেই। কিন্তু মহান আল্লাহতায়ালা আমাদের সুযোগ করে দিয়েছেন, গণ-অভ্যুত্থানের বিজয় ধরে রাখার। কিন্তু চাই চাই করে গেলে সব হারাব আমরা, আমরা আক্ষেপ করব। বিজয় ধরে রাখতে তাই সকলের সম্মিলিত প্রয়াস প্রয়োজন।’

প্রশাসনিক কর্মকর্তারা নানা দাবি দাওয়া নিয়ে সারা দেশে ‘হুলুস্থুল’ পরিস্থিতি তৈরি করেছেন উল্লেখ করে তিনি বলেন, ‘এখন সময় অভিযোগের না। এখন সময় সহযোগিতা করার। কোনো রাজনৈতিক দল, সামাজিক সংগঠন একা সব করে ফেলতে পারবে না। পরস্পর পরস্পরকে সহযোগিতা করতে হবে।’ জ্যেষ্ঠ রাজনীতিবিদ নজরুল ইসলাম খান বলেন, ‘আমাদের মধ্যে দ্বিমত রয়েছে নানা বিষয়ে। এটি গণতন্ত্রের সুস্বাস্থ্যের জন্যই দরকার।’

গণফোরামের কো-চেয়ারম্যান সুব্রত চৌধুরী বলেন, ‘সংস্কারের ক্যানভাস বড় করে বড় বিপদ ডেকে আনা হবে। নির্বাচন কমিশন বলেছে, তারা অক্টোবরের মধ্যে ভোটার তালিকা প্রণয়ন করবে, নতুন রাজনৈতিক দলের নিবন্ধন দেবেন। তাহলে নির্বাচন আর দেরি করবেন কেন? নির্বাচন যত ঝুলিয়ে দেবেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য আরও বেশি দৃশ্যমান হবে। তাদের মধ্যে বিভেদ আরও বেশি দৃশ্যমান হবে।’

তিনি বলেন, ‘দেশের মানুষ ১৫ বছর ভোট দিতে পারেনি। এখন তরুণেরাও অপেক্ষা করছেন, গ্রহণযোগ্য জনপ্রতিনিধিরা রাষ্ট্র পরিচালনা করবেন। সেখানে সরকারের আনুকূল্যে যদি কোনো রাজনৈতিক দলের উদ্ভব হয়, তবে তার ফলাফল সুখকর হবে না।’ সংস্কারের প্রশ্নে তিনি সর্বাগ্রে প্রশাসনিক ও আইনশৃঙ্খলা বাহিনীর সংস্কারে গুরুত্বারোপ করেন।

নিউএজ সম্পাদক নূরুল কবির বলেন, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের নাম পরিবর্তন করে এখন জনগণতান্ত্রিক বাংলাদেশ করা যেতে পারে। বাংলাদেশে একমুখী শিক্ষা ব্যবস্থা প্রণয়নের কথা উল্লেখ করে তিনি বলেন, দেশে তিন ধরনের শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। তিন ধরনের সংস্কৃতিতে গড়ে উঠেছে এই প্রজন্ম। এভাবে চলতে থাকলে তারা তো একদিন রাজনৈতিকভাবে, একদিন সশস্ত্রভাবে সংগঠিত হবে। তারা এভাবে এগিয়ে যাবে একটি সিভিল ওয়ারের দিকে। এখন তাই এক ভাষায় একমুখী উচ্চ শিক্ষা ব্যবস্থা প্রণয়নের দিকে যেতে হবে।’ দেশের সংখ্যাগুরু ও সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে বিভেদ ঘুচাতে তিনি আইনি ও সামাজিক কাঠামোর সংস্কারের কথা বলেন।

Need Ads
error: কপি হবে না!