শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে লিড নিয়েছে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে ৬ উইকেটে জিতেছে বাংলাদেশ। অধিনায়ক নাজমুল হাসান শান্ত ও মুশফিকুর রহিম ১৬৫ রানের জুটি গড়েন। তবুও ম্যাচ জয়ের কৃতিত্ব অন্য জুটিকে দিয়েছেন মুশফিক।

২৫৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ২৩ রানের মধ্যেই ৩ উইকেট হারিয়ে বসে। এমন বাজে অবস্থায় অধিনায়ক শান্ত মাহমুদউল্লাহ রিয়াদকে সঙ্গে নিয়ে ৬৯ রানের জুটি গড়েন। এরপর ৩৭ রানে অভিজ্ঞ মাহমুদউল্লাহ বিদায় নেন। নিজের চেয়ে মাহমুদউল্লাহর সঙ্গে শান্তর জুটিকেই ম্যাচ জয়ের বড় কারণ হিসেবে দেখছেন মুশফিক।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে মুশফিক বলেন, ‘একেই বলে অভিজ্ঞতা। শুধু এই ওভারই না। হাসারাঙ্গাকে ডাউন দ্য উইকেটে গিয়ে ছক্কা মারা। গুরুত্বপূর্ণ মুহূর্তে এসব যখন পক্ষে আছে, প্রতিপক্ষের সেরা বোলার যখন চাপে পড়ে যায় তখন তারাও ভিন্ন চিন্তা করে। উইকেটের জন্য যায় না, ভাবে এক এক করে ছেড়ে দেই।’

মাহমুদউল্লাহর অভিজ্ঞতার প্রসঙ্গ টেনে মুশফিক আরও বলেন, ‘তখনই পার্টনারশিপটা ভালো বিল্ডআপ হয়। অভিজ্ঞতা অনেক বড় জিনিস। রিয়াদ ভাই যে ইনটেন্টটা দেখিয়েছে। এই পুরো ম্যাচের প্রথম কৃতিত্ব রিয়াদ ভাই ও শান্তর পার্টনারশিপ।
এদিকে শান্তর সঙ্গে মুশফিক গড়েন ১৬৫ রানের জুটি। সেই বিষয়ে মুশফিক বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমাদের পার্টনারশিপ ভালো হয়েছে। তবে মূল ভূমিকা রেখেছে রিয়াদ ভাই ও শান্তর পার্টনারশিপ। তখন বল নতুন ছিল, শিশিরেরও তেমন ভূমিকা ছিল না। ২৫৬ রান তাড়া করতে নেমে ৩টি উইকেট পড়ে গেলে, ওরা ভালো শুরু পেয়েছিল। তখন রিয়াদ ভাই ও শান্ত ব্রিলিয়ান্ট ব্যাটিং করেছে। ঐ যে রান রেট ঠিক ছিল ঐ সময়টায়, তাতে আমার কাজটা সহজ হয়ে গেছে।’




