বাংলাদেশের আকাশে পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে। আগামীকাল ১২ মার্চ মঙ্গলবার থেকে রোজা। শুরু হলো সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান। রমজানের চাঁদ দেখা যাওয়ায় আজ সোমবার এশার নামাজের পর মসজিদে মসজিদে তারাবি নামাজ পড়বেন মুসল্লিরা। আজ দিবাগত শেষরাতে ধর্মপ্রাণ মুসল্লিরা সেহ্রি খাবেন।

সোমবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে এ সিদ্ধান্ত জানান জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্মমন্ত্রী ফরিদুল হক খান।
এর আগে সন্ধ্যা সাড়ে ৬টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে বৈঠক করে জাতীয় চাঁদ দেখা কমিটি। এতে সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী ও কমিটির সভাপতি মো. ফরিদুল হক খান।

সভায় ১৪৪৫ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে পাওয়া তথ্য পর্যালোচনা করে চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করা হয়।
সভা শেষে ঘোষণা দেয়া হয়, শাবান মাস শেষ হচ্ছে আজ। সে অনুযায়ী দেশে সোমবার তারাবি এবং মঙ্গলবার রোজা শুরু হবে।




