ময়মনসিংহে বাস-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত হয়েছেন। এই ঘটনায় সিএনজির চালকসহ সবাই মারা গেছে। ১৬ ফেব্রুয়ারি শুক্রবার বেলা ১১টার দিকে সদর উপজেলার আলালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, ‘ঢাকা থেকে শেরপুরগামী আদিল পরিবহনের একটি বাস আলালপুর নামক স্থানে আসতেই বিপরীত দিক থেকে আসা সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির চালকসহ সাতজন নিহত হয়। ফায়ার সার্ভিসের সহায়তায় মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।’
ওসি আরও বলেন, ‘বাসটি জব্দ করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ ঘটনাস্থলে কাজ করছে।’

নিহতেরা হলেন—ফুলপুর উপজেলার রামভদ্রপুরের আশাবট গ্রামের বাবলু আহমেদ (৪৫), তার স্ত্রী শিলা আক্তার (৩৫), তাদের ছেলে মো. সাদমান (৭) এবং সিএনজি চালক আলামিন হোসেন (২৫) তার ফুলপুর উপজেলার দিও গ্রামে। বাকিদের পরিচয় পাওয়া যায়নি। নিহতদের মধ্যে একই পরিবারের ৩ জন তাদের আত্মীয়দের জানাজায় যাচ্ছিলেন।
ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে জেলা প্রশাসক দিদারে মোহাম্মদ মাকসুদ আলম চৌধুরী বলেন, ‘নিহতদের দাফনের জন্য ২০ হাজার টাকা করে দেওয়া হবে। ঘটনার তদন্তে কমিটি করা হবে।’




