৪১তম বিসিএসে উত্তীর্ণ তবে ক্যাডার পদে নিয়োগ দেওয়া সম্ভব হয়নি এমন প্রার্থীদের থেকে ৪ হাজার ৩৫টি ননক্যাডার পদে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন-পিএসসি। এ লক্ষ্যে সংশ্লিষ্ট প্রার্থীদের থেকে পদ বাছাইয়ে পছন্দক্রম অনুযায়ী অনলাইনে আবেদন চেয়েছে কমিশন। আজ বৃহস্পতিবার থেকে এই আবেদন গ্রহণ শুরু হয়েছে, চলবে ২৭ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। বৃহস্পতিবার পিএসসির এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এর আগে গতকাল বুধবার কমিশনের ক্যাডার গোপনীয় শাখার পরিচালক উম্মে আছমা আয়শা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিটি কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪১তম বিসিএসে মৌখিক ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও যেসব প্রার্থীকে ক্যাডার পদে নিয়োগের সুপারিশ করা সম্ভব হয়নি তাঁদের মধ্য থেকে এই আবেদন চাওয়া হয়েছে। এসব প্রার্থীদের মধ্যে ৯ম থেকে ১২তম গ্রেডে ৪ হাজার ৩৫টি ননক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে। আবেদনের সময় এসব পদ দৃশ্যমান হবে। সংশ্লিষ্ট পদে নিয়োগের যোগ্যতা ও মেধার ভিত্তিতে প্রার্থীদের পছন্দক্রম অনুযায়ী নিয়োগ সুপারিশ করা হবে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ৯ম গ্রেডে ১ হাজার ৪৩টি পদে নিয়োগ দেওয়া হবে, ১০ম গ্রেডে ২ হাজার ৬০১ পদে, ১১তম গ্রেডে ১৮টি পদে এবং ১২তম গ্রেডে ৩৯১ টি পদে নিয়োগ দেওয়া হবে।


