পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, সরকার হতদরিদ্র মানুষের জীবনমান উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। এখন মানুষের জীবন মানের পরিবর্তন হচ্ছে। তাই দেশের ভবিষ্যৎ বংশধর ছেলে মেয়েদেরকে বিজ্ঞান ও প্রযুক্তির শিক্ষায় শিক্ষিত করে ২০৪১ সালের মধ্যে দেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনরাত কাজ করে যাচ্ছেন। ২২ জুলাই শনিবার বিকেলে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মধুটিলা ইকোপার্কে ময়মনসিংহ বন বিভাগের আয়োজিত সুফল প্রকল্পের উপকারভোগীদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওইসময় তিনি বলেন, আপনারা যে সুফল প্রকল্পের ৪০ হাজার টাকার চেক পাচ্ছেন এতে আপনাদের ভাগ্যের পরিবর্তন হবে। এর আগে কোন সরকার আপনাদেরকে ৪০ টি টাকাও দেয় নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের সরকার দেশের উন্নয়নে কাজ করছে। আমরা মনেপ্রাণে বঙ্গবন্ধু ও শেখ হাসিনাকে ভালোবাসি। আমাদের হৃদয় থেকে বঙ্গবন্ধু ও শেখ হাসিনাকে কেউ মুছে ফেলতে পারবে না।
সীমান্ত এলাকায় হাতি ও মানুষের দ্বন্দ নিরসনে মন্ত্রী বলেন, আমরা ইতোমধ্যে বেশ কিছু প্রকল্প হাতে নিয়েছি। আমরা এমন ভাবে সোলার ফ্যান্সিং প্রকল্পটি বাস্তবায়ন করতে চাই যেনো এটি দূর থেকে হাতির চোখে না পড়ে। কারণ হাতি যদি দূর থেকে ফ্যান্সিং দেখে ফেলে তবে তারা চেষ্টা করবে এটা প্রতিহত করার।

ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা আ ন ম আবদুল ওয়াদুদের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপপ্রধান বন সংরক্ষক ও সুফল প্রকল্পের পরিচালক গোবিন্দ রায়, ঢাকা কেন্দ্রীয় অঞ্চলের বন সংরক্ষক হোসাইন মোহাম্মদ নিশাদ, নালিতাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু, উপজেলা নির্বাহী কর্মকর্তা খৃষ্টফার হিমেল রিছিল, পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ বকুল, অর্থ বিষয়ক সম্পাদক গোপাল চন্দ্র সরকারসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
পরে ৬৩৭ জন উপকারভোগীদের ২৫ হাজার করে টাকার চেক বিতরণ করেন মন্ত্রী।




