ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মোহাম্মদ এ আরাফাত। তিনি পেয়েছেন ২৮ হাজার ৮১৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী একতারা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল হোসেন আলম (হিরো আলম) পেয়েছেন ৫ হাজার ৬০৯ ভোট। নির্বাচনে মোট ভোট পড়েছে ১১ দশমিক ৫১ শতাংশ। সোমবার রাতে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে এই ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মনির হোসাইন খান।

১২৪টি কেন্দ্রের এই ফলে ১৩২৮ ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বী মোট আটজন প্রার্থীর মধ্যে তৃতীয় অবস্থানে আছেন জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী সিকদার আনিসুর রহমান। এছাড়া জাকের পার্টির গোলাপ ফুল প্রতীকের প্রার্থী কাজী মো. রাশিদুল হাসান ৯২৩ ভোট, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের ছড়ি প্রতীকের প্রার্থী মো. আকতার হোসেন ৬৪ ভোট, ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. তারেকুল ইসলাম ভূঞাঁ ৫২ ভোট, বাংলাদেশ কংগ্রেসের ডাব প্রতীকের প্রার্থী মো. রেজাউল ইসলাম স্বপন ৪৩ ভোট এবং তৃণমূল বিএনপির সোনালী আঁশ প্রতীকের প্রার্থী শেখ হাবিবুর রহমান ২০২ ভোট পেয়েছেন।
বিকেল সোয়া ৩টার দিকে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে ভোট কেন্দ্র পরিদর্শনে গেলে হিরো আলমের ওপর হামলার ঘটনা ঘটে। পরে ‘নির্বাচন সুষ্ঠু হয়নি’ দাবি করে তিনি প্রত্যাখ্যানের ঘোষণা দেন।

আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ এ আরাফাত হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। বিকেল সাড়ে পাঁচটায় বনানীতে নিজ নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এ ঘটনায় যারা জড়িত, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি। যদি তারা আমাদের দলের কর্মী হয়, তাহলে দলের পক্ষ থেকে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আমি চাই সত্যটা উন্মোচিত হোক।’
সোমবার সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়, যা একটানা চলে বিকেল ৪টা পর্যন্ত। এই উপনির্বাচনে ভোট হয়েছে ব্যালট পেপারের মাধ্যমে। দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপি এতে অংশ নেয়নি।
ঢাকা ক্যান্টনমেন্ট এলাকা ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৫, ১৮, ১৯ ও ২০ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত এ আসনের ভোটার ৩ লাখ ২৫ হাজার ২০৫ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৫৩ হাজার ৫৮০। ১২৪টি কেন্দ্রের ৬০৫টি কক্ষে ভোট গ্রহণ করা হয়।









