গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে এক হাজতিকে নির্যাতনের অভিযোগ ওঠার পর যুব মহিলা লীগের সাবেক নেত্রী শামীমা নূর পাপিয়াকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। ৩ জুলাই সোমবার বিকেল সাড়ে ৫টায় তাকে একটি প্রিজন ভ্যানে করে পাঠানো হয় বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

জানা যায়, কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে ৩ বছর ৪ মাস ধরে বন্দী আছেন পাপিয়া। ২৭ বছরের সাজাপ্রাপ্ত কয়েদি হিসেবে জেলবিধি অনুযায়ী পাপিয়াকে সেখানে ‘রাইটার’ হিসেবে নিযুক্ত করা হয়।
সম্প্রতি পাপিয়া রুনা লায়লা নামের এক হাজতিকে নির্মম নির্যাতন করেন, তার কাছ থেকে টাকা পয়সা লুট করে নেন। এমন অভিযোগ এনে রুনার ছোট ভাই জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেন। এ ঘটনায় জেলা প্রশাসন ও কারা কর্তৃপক্ষ আলাদা দুটি তদন্ত কমিটি গঠন করে। এর মধ্যে সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে একটি প্রিজন ভ্যানে করে পাপিয়াকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

এদিকে পাপিয়ার মারধর ও নির্যাতনের শিকার হাজতি রুনা লায়লা মুমূর্ষু অবস্থায় এখন শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি আছেন। রুনা গাজীপুরের কাপাসিয়া উপজেলার কড়িহাতা গ্রামের আব্দুল করিমের বোন।
কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের (ভারপ্রাপ্ত) জেল সুপার মো. ওবায়দুর রহমান বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পাপিয়াকে স্থানান্তর করা হয়েছে।









