তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে না। বিএনপি আওয়ামী লীগের অধীন নির্বাচনে যেতে চাইলেও সেই সুযোগ নেই। আর তাদের আমরা সংলাপে ডাকিনি। তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে সংলাপের আর কোন দরকার নেই।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে নির্বাচন কিংবা কোনো সংলাপে যাবে না বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ১৫ মার্চ বুধবার এ সম্পর্কে জানতে চাইলে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের ওইসব বিষয়ে কথা বলেন তথ্যমন্ত্রী।
এর আগে বঙ্গবন্ধুর জীবনভিত্তিক ২টি গ্রন্থের মোড়ক উন্মোচন করেন তিনি।
হাছান মাহমুদ বলেন, আমরা তাদের সংলাপে ডাকিনি। কাজেই আমরা ডাকলে তারা বলতে পারতো, সংলাপে যাবে কি যাবে না। তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে বিএনপির সঙ্গে সংলাপে বসার কোনো প্রশ্নই আসে না। নির্বাচন হবে সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনের অধীনে। নির্বাচনকালীন বর্তমান সরকার দায়িত্ব পালন করবে।

তিনি আরও বলেন, যেভাবে সংসদীয় গণতন্ত্রে অন্য দেশগুলোতে নির্বাচন হয়, সেভাবেই জাতীয় নির্বাচনের সময়ে চলতি সরকার দায়িত্ব পালন করবে। এ প্রশ্নে সংলাপ করার প্রশ্নই আসে না।




