সুন্দরবন দিবস আজ। সুন্দরবনে বেড়েছে বাঘের সংখ্যা। বনে বাঘের বিচরণ বৃদ্ধি পদচিহ্নের উপস্থিতিতে এমন ধারণা করছেন বন সংরক্ষকরা। বন সংরক্ষকরা বলেছেন, আগের যে কোনো সময়ের চেয়ে সুন্দরবনে বাঘের উপস্থিতি বেড়েছে।

পাশাপাশি বেড়েছে হরিণ, বন্য শূকরসহ অন্যসব বন্যপ্রাণীর উপস্থিতিও। এ বছর জানুয়ারিতে সরকারিভাবে বাঘ শুমারি শুরু হয়। যার ফলাফল জানা যাবে ২০২৪ সালের জুলাইয়ে।
এদিকে সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা ও পর্যটকদের নিরাপত্তা জোরদারের লক্ষ্য সামনে রেখে আজ মঙ্গলবার দেশে পালিত হচ্ছে সুন্দরবন দিবস। সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ২০০১ সাল থেকে ১৪ ফেব্রুয়ারি সুন্দরবন দিবস হিসেবে পালিত হয়ে আসছে। এ হিসেবে এবার পালিত হচ্ছে ২২তম সুন্দরবন দিবস।

সংশ্লিষ্টরা বলছেন, ‘বৃক্ষ বিস্ময়’ বলা হয় সুন্দরবনকে। প্রচলিত ধারণা মতে, সুন্দরী গাছের নামানুসারে এ বনের নামকরণ। বৈচিত্র্যময় প্রাকৃতিক সৌন্দর্য, বাহারি গাছপালা, বন্য পশু-পাখি ও জীবজন্তু ঘেরা এ সুন্দরবন নিয়ে নতুন নতুন পরিকল্পনাই পরিবর্তন এনে দেবে। সরকারিভাবে গত জানুয়ারিতে যে বাঘ শুমারি শুরু হয়েছে তার ফলাফলের উপর বাঘ বৃদ্ধির তথ্য পাওয়া যাবে।
তবে বনে বাঘের উপস্থিতির ওপর ভিত্তি করে সঙ্গে পর্যটকদের ভাষ্য ও মৌয়ালদের তথ্য মতে ধারণা করা হয় সুন্দরবনের বাঘের সংখ্যা বেড়েছে। কারণ ২০১৮ সালে বাঘ জরিপের তথ্যের পর দীর্ঘ চার বছর বাঘ শুমারি না হলেও বাঘের সঠিক তথ্য সবার অজানাই রয়েছে।
জানতে চাইলে খুলনা পশ্চিম বন বিভাগের সহকারী বন সংরক্ষক এম এ হাসান বলেন, সুন্দরবন সংরক্ষণের জন্য আমাদের মাঠ কর্তৃক নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি অভয়ারণ্যের পরিমাণ বাড়ানো হয়েছে। যেখানে অভয়ারণ্যের সব কার্যক্রম নিষিদ্ধ। এর ফলে বাঘ এবং অন্যান্য জীববৈচিত্র্য যেমন শিকারি প্রাণী বাঘ হরিণ এগুলোর পরিমাণ বৃদ্ধি পেয়েছে। যার প্রমাণ পর্যটকরা সুন্দরবনে গেলেই এখন মাঝেমাঝেই বাঘ দেখতে পাচ্ছেন। এবং বিভিন্ন মিডিয়াতে এ খবরগুলো আসছে। আসলে সুন্দরবন বন্যপ্রাণীদের বসবাসের জায়গা। তারা বনে ঘোরাফেরা করবেই। তবুও আমরা শঙ্কা প্রকাশ করি যে আমাদের কোনো কর্মী দুর্ঘটনার শিকার যেন না হয়। তিনি আরও বলেন, আপনারা অবগত আছেন, চলতি বছরের গত জানুয়ারির ১ তারিখ থেকে বাঘ শুমারির কাজ শুরু হয়েছে। এর ফলাফল পাওয়া যাবে ২৯ জুলাই ২০২৪ সালে। তখন আমরা জানতে পারব যে বর্তমান সুন্দরবনে বাঘের অবস্থান কি এবং বাঘের পরিমাণ কেমন বেড়েছে। গতবার যেমন ২০১৮ সালে জরিপ হয়েছিল যে বাঘের পরিমাণ ১১৪টি। এটা বর্তমানে বাড়ল নাকি কমল বা কি করা উচিত এগুলো আসলে বাঘ শুমারি শেষে আমরা বলতে পারব। তাছাড়া বর্তমানে বনে গেলেই বাঘের পাশাপাশি বন্য শূকর ও হরিণের উপস্থিতি বেড়েছে। পর্যটকদের সঙ্গে আমরা কথা বলেও বিষয়টি সম্পর্কে জেনেছি।
তথ্য বলছে, সুন্দরবনের মধ্য দিয়ে প্রবাহিত পশুর, শিবসা, বলেশ্বর ও রায়মঙ্গল নদী। শত শত খাল জালের মতো ছড়িয়ে আছে সুন্দরবনের মধ্যে। বৃক্ষসম্পদের পাশাপাশি সুন্দরবন মৎস্যসম্পদেরও এক বিরাট আধার। এখানে ইলিশ, লইট্যা, ছুরি, পোয়া, রূপচাঁদা, ভেটকি, পারসে, চিংড়ি, চিত্রা ইত্যাদি মাছ ও কাঁকড়া পাওয়া যায়। সুন্দরবনের তিনটি অভয়ারণ্য নিয়ে গঠিত এক লাখ ৩৯ হাজার ৭০০ হেক্টর বনাঞ্চলকে ইউনেসকো ১৯৯৭ সালে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করেছে।
বিশেষজ্ঞদের মতে, কোনো একটি ভূখণ্ডে স্বাস্থ্যকর পরিবেশ বজায় থাকার জন্য প্রয়োজন ২৫ শতাংশ বনভূমির। আমাদের দেশে বনভূমির পরিমাণ তার চেয়ে বেশ কম। বনভূমির পরিমাণ প্রায় ১৬ লাখ হেক্টর, যা দেশের মোট আয়তনের প্রায় ১৫.৫৮ শতাংশ। বাংলাদেশের বৃক্ষ আচ্ছাদিত ভূমির পরিমাণ দেশের মোট আয়তনের ২২.৩৭ শতাংশ। দেশের জনসংখ্যা বাড়ছে, বাড়ছে মানুষের চাহিদা।









