শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, আগামী ২০২৫ সাল থেকে নতুন পাঠ্যক্রমে শিক্ষাদান করা হবে। দেশের অগ্রযাত্রায় শিক্ষার্থীরাই অগ্রণী ভূমিকা পালন করে। আমরা স্মার্ট বাংলাদেশ গড়তে চাই। সেজন্য শিক্ষার্থীদেরই এগিয়ে আসতে হবে। পড়ালেখাসহ সব কাজে শিক্ষার্থীদের স্মার্ট হতে হবে। তাহলেই স্মার্ট বাংলাদেশ বাস্তবে রুপ পাবে। ২০ জানুয়ারি শুক্রবার পুরান ঢাকার সেন্ট গ্রেগ্ররী স্কুল অ্যান্ড কলেজে ‘মিশন উইথ এ ভিশন’ প্রতিপাদ্যে প্রতিষ্ঠানের সাবেক ছাত্রদের সংগঠন দ্য গ্রেগরিয়ান সোসাইটি ‘টিজিএস ডে-২০২৩’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি ওইসব কথা জানান।

তিনি বলেন, প্রাধামন্ত্রী শেখ হাসিনা যে স্মার্ট বাংলাদেশের মন্ত্র দিয়েছেন তাতে গ্রেগ্রিয়ানরা সর্বাগ্রে এগিয়ে থাকবে। মাননীয় প্রধানমন্ত্রীর প্রচেষ্টায় বর্তমানে দেশের প্রত্যন্ত অঞ্চল বলে কিছু নেই। আমরা এখন খুব সহজেই দেশের যে কোনো অঞ্চলের সঙ্গে সহজে যোগাযোগ করতে পারি। আমরা চাই শিক্ষাব্যবস্থায় রূপান্তর আনতে আর সে পথেই হাঁটছি।
বক্তব্যের এক পর্যায়ে স্মৃতিচারণ করে তিনি বলেন, বাংলাদেশের প্রথম প্রাধানমন্ত্রী তাজউদ্দীন আহমেদ এ প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছিলেন। আমার পরিবারের সদস্যরাও এ প্রতিষ্ঠানে শিক্ষাগ্রহণ করেছে। সেই সুবাদে আমি এই প্রতিষ্ঠানকে আমার নিজের প্রতিষ্ঠান বলেও মনে করি।

অনুষ্ঠানে সভাপতি হিসেবে ছিলেন ইউসুফ রেজাউর রহমান ও সঞ্চালনায় ছিলেন সৈয়দ এ হাবিব। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সেন্ট গ্রেগরী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ব্রাদার উজ্জল প্লাসিড পেরেইরা।
অনুষ্ঠানে দ্য গ্রেগরিয়ান সোসাইটির প্রেসিডেন্ট ইউসুফ রাহমান, রাজনীতিবিদ ও প্রতিষ্ঠানের সাবেক ছাত্র মুজাহিদ হোসেন সেলিম, প্রতিষ্ঠানের শিক্ষক এবং সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।









