টঙ্গীর তুরাগ তীরে আগামীকাল শুক্রবার (২০ জানুয়ারি) আম বয়ানের মধ্য দিয়ে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এর মধ্যে ইজতেমা মাঠের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নিতে আজ ভোর থেকেই দেশ-বিদেশের মুসল্লিরা ময়দানে আসতে শুরু করেছেন। প্রথম পর্বের মতো দ্বিতীয় পর্বেও বিপুলসংখ্যক মুসল্লি জমায়েত হবেন বলে আশা করছে ইজতেমা আয়োজক কমিটি।

মাওলানা সাদ অনুসারী তাবলিগ জামাতের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম জানান, ইজতেমায় বিশ্বের প্রায় সব মুসলিম দেশ থেকেই তাবলিগ জামাতের ধর্মপ্রাণ মুসলমানরা অংশ নেন। এখানে তারা শীর্ষ আলেমদের বয়ান শোনেন এবং ইসলামের দাওয়াতি কাজ বিশ্বব্যাপী পৌঁছে দেওয়ার জন্য জামাতবদ্ধ হয়ে বেরিয়ে যান।
তিনি বলেন, দেশের সব জেলা থেকে ৮৫ খিত্তার নজমের জামাত ইতিমধ্যে ময়দানে চলে এসেছে। প্রতি খিত্তার জামাত, সেন্ট্রাল জামাতসহ দুই জামাতের প্রায় ২০ হাজার সাথি ময়দানে অবস্থান করছেন। তাদের নিয়ে সকাল থেকে ময়দানের বিভিন্ন বিষয়ে বয়ান হয়েছে।

এ বিষয়ে জিএমপি পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম বলেন, আগামীকাল শুক্রবার (২০ জানুয়ারি) বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে। প্রথম পর্বের মতো দ্বিতীয় পর্বেও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী কঠোর অবস্থানে থাকবে।









