বৃদ্ধির ২৩ দিনের মাথায় দাম কমছে জ্বালানি তেলের। ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম লিটারে পাঁচ টাকা কমানো হচ্ছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। সোমবার রাতেই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করবে জ্বালানি বিভাগ।

দাম বৃদ্ধির পর প্রতি লিটার ডিজেল ও কেরোসিন বিক্রি হচ্ছে ১১৪ টাকায়। আদেশ কার্যকর হলে রাত ১২ টার পর থেকে তা বিক্রি হবে ১০৯ টাকায়। অকটেন বিক্রি হচ্ছে প্রতি লিটার ১৩৫ টাকায়, এটি নামবে ১৩০ টাকায়। পেট্রোল বিক্রি হচ্ছে ১৩০ টাকায়, তা কমে হবে ১২৫ টাকা।
এর আগে রবিবার ডিজেলের আমদানি শুল্ক ১১ দশমিক ২৫ শতাংশ কমায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এতে ডিজেল আমদানিতে মোট শুল্ক ৩৪ শতাংশ থেকে কমে ২২ দশমিক ৭৫ শতাংশ হয়েছে।

গত ৫ই আগস্ট দিনগত রাত ১০টায় জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম বেড়ানোর সিদ্ধান্ত জানানো হয়। ওইদিনই রাত ১২টার পর থেকে নতুন দাম কার্যকর হয়। তখন রেকর্ড পরিমাণে উচ্চহারে মূল্য বৃদ্ধি করে দিবাগত রাত ১২টার পর থেকে ভোক্তা পর্যায়ে লিটার প্রতি ডিজেল ৮০ টাকা থেকে ৩৪ টাকা বেড়ে ১১৪ টাকা, কেরোসিন ৩৪ টাকা বেড়ে ১১৪ টাকা, অকটেন ৪৬ টাকা বেড়ে ১৩৫ টাকা এবং পেট্রোল ৪৬ টাকা বাড়িয়ে ১৩০ টাকা দরে বিক্রি শুরু হয়।









