দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ সংসদীয় আসনের অর্ধেক আসনে প্রযুক্তিনির্ভর ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেবে নির্বাচন কমিশন (ইসি)। ২৩ আগস্ট মঙ্গলবার বিকালে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে ইসি সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সাংবাদিকদের ব্রিফিংয়ে কমিশনের ওই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, কমিশন সিদ্ধান্ত নিয়েছে, অনূর্ধ্ব ১৫০টি আসনে ইভিএমে নির্বাচন করা হবে। ন্যূনতম একটি আসনেও হতে পারে।

ভোটে এই যন্ত্রের ব্যবহার নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক বিতর্কের মধ্যেই নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত নিল। ইসির সংলাপে বেশির ভাগ রাজনৈতিক দল ইভিএম নিয়ে সংশয় ও সন্দেহ প্রকাশ করেছিল। সিইসি কাজী হাবিবুল আউয়াল নিজেও সংলাপে বলেছিলেন, অধিকাংশ রাজনৈতিক দল ইভিএমে বিশ্বাস করছে না। কিন্তু সেটি শেষ পর্যন্ত খুব একটা আমলে নেয়নি ইসি। এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ছয়টি আসনে ইভিএমে ভোট হয়। এ ছাড়া বিভিন্ন সংসদীয় আসনের শূন্য উপনির্বাচনে ১৫টিসহ ২১টি সংসদীয় আসনে ইভিএমে ভোট অনুষ্ঠিত হয়েছে। আর স্থানীয় সরকারের সাধারণ নির্বাচনসহ শূন্য আসন মিলিয়ে ৮১৮টিতে ইভিএমে ভোট হয়।
বেশির ভাগ দলের ইভিএম নিয়ে আপত্তি ছিল। এ বিষয় আলোচনায় এসেছে কি না- এ প্রশ্নের জবাবে অশোক কুমার বলেন, সব বিষয় আমলে নিয়ে কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে। বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়নি। কমিশন অভ্যন্তরীণভাবে আলোচনা করেছে। সবকিছু বিচার-বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে অশোক কুমার বলেন, এখন ইসির হাতে দেড় লাখ ইভিএম আছে। এগুলো দিয়ে ৭- থেকে ৭৫টি আসনে ভোট নেওয়া যাবে। এর চেয়ে বেশি আসনে ভোট করতে হলে ইভিএম কিনতে হবে। এখন থেকে সে উদ্যোগ নেওয়া হবে। প্রয়োজনে ইভিএম কেনার জন্য নতুন প্রকল্প নেওয়া হবে।

ক্ষমতাসীন আওয়ামী লীগ আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেই ইভিএমে ভোট চায়। অন্যদিকে বিএনপি ইভিএমকে ‘কারচুপির যন্ত্র’ বলে অভিযোগ করে আসছে। নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে গত জুলাই মাসে ইসি যে সংলাপ করেছিল, তাতে ২২টি দল ইভিএম নিয়ে তাদের মতামত দিয়েছিল। সংলাপে জাতীয় পার্টিসহ ১৪টি দল ইভিএম নিয়ে তাদের সংশয় ও সন্দেহের কথা স্পষ্টভাবেই বলেছে।
এর মধ্যে ৯টি দল সরাসরি ইভিএম ব্যবহারের বিপক্ষে মত দিয়েছে। আওয়ামী লীগসহ ৪টি দল ইভিএমে ভোট চেয়েছে। আর কয়েকটি দল শর্তসাপেক্ষে ইভিএমের পক্ষে বলেছে। অন্যদিকে বিএনপিসহ ৯টি দল ইসির সংলাপ বর্জন করে, তারাও ইভিএমের বিপক্ষে।









