টাঙ্গাইলের মির্জাপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৮ জন । ১৬ জুলাই শনিবার ভোরে মহাসড়কে দাঁড়িয়ে থাকা বালুভর্তি একটি ট্রাকের পেছনে যাত্রীবাহী বিনিময় পরিবহনের একটি বাস ধাক্কা দিলে ওই দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, টাঙ্গাইল থেকে ছেড়ে আসা মিনিময় পরিবহনের যাত্রীবাহী একটি বাস শনিবার ভোরে মহাসড়কের মির্জাপুর উপজেলার দুল্যা মনসুর নামক স্থানে এসে মহাসড়কে দাঁড়ানো একটি বালি ভর্তি ট্রাককে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়েছে এবং ৮ জন আহত হয়েছেন। পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করলে সেখানে আরও একজনের মৃত্যু হয়। নিহতদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।
দুর্ঘটনার পর মহাসড়কে ঢাকার দিকে যান চলাচল প্রায় ২ ঘন্টা বন্ধ থাকে। পুলিশ রেকার দিয়ে দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক সরিয়ে নিলে সকাল পৌনে সাতটার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা টুটুল জানান, চারজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে তিনি জানান।









