উজানের পাহাড়ি ঢলে রংপুর বিভাগে দ্বিতীয় দফায় বন্যার শঙ্কা দেখা দিয়েছে। বন্যার ক্ষত না শুকাতেই আবারও বন্যার পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। ফলে বন্যার কবলে পড়তে যাচ্ছেন নদীর তীরবর্তী নিম্নাঞ্চল, চর ও দ্বীপচরের বাসিন্দারা।

প্রথম দফায় বন্যায় ফসলি জমি, ঘরবাড়ি, রাস্তাঘাটসহ বিভিন্ন অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কুড়িগ্রাম ও লালমনিরহাটে বন্যার পানিতে ডুবে মারা গেছে ৬ জন। নদ-নদীর পানি বৃদ্ধি পেতে থাকায় চরাঞ্চলের অধিবাসীদের দ্রুত আশ্রয় কেন্দ্রসহ নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে।
ভয়াবহ বন্যার শঙ্কায় জরুরি প্রস্তুতি সভা করেছে রংপুর বিভাগীয় প্রশাসন। প্রথম দফার বন্যা পরিস্থিতি মোকাবিলার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দ্বিতীয় দফায় যেন জানমালের ক্ষতি না হয় সেদিকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়েছে। জরুরি উদ্ধার কার্যক্রমে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, বিজিবি, পুলিশসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থাকে প্রস্তুত রাখা হয়েছে।
উজানের পাহাড়ি ঢলে আজ বুধবার সকাল থেকে বাড়তে শুরু করেছে তিস্তা, ব্রহ্মপুত্র, ধরলা, ঘাঘট, দুধকুমারসহ রংপুর বিভাগের প্রায় সব ছোট-বড় নদীর পানি। উজানের ভারী বৃষ্টি অব্যাহত থাকলে যেকোনো সময় বড় ধরনের বন্যার শঙ্কা রয়েছে।

রংপুর পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, বুধবার বেলা ১২টায় তিস্তা নদীর পানি ডালিয়া পয়েন্টে বিপৎসীমার ২ সে.মি উপর দিয়ে প্রবাহিত হয়েছে। তিস্তা নদীর পানি কাউনিয়া পয়েন্টে বিপৎসীমার ২৮ সে.মি, ঘাঘট নদী গাইবান্ধা পয়েন্টে বিপৎসীমার ১১১ সে.মি, ঘাঘট নদীর পানি রংপুর নগরীর ইসলামপুর পয়েন্টে বিপৎসীমার ২৭৮ সে.মি ও করতোয়া নদী গাইবান্ধার চক রহিমপুর পয়েন্টে বিপৎসীমার ৩৯৮ সে.মি নিচ দিয়ে প্রবাহিত হয়েছে। কুড়িগ্রামে ধরলা নদীর পানি কুড়িগ্রাম পয়েন্টে বিপৎসীমার ৮ সে.মি নিচ দিয়ে, তালুক শিমুলবাড়ি পয়েন্টে বিপৎসীমার ২৩ সে.মি উপর দিয়ে, ব্রহ্মপুত্র নদীর পানি নুনখাওয়া পয়েন্টে বিপৎসীমার ৭৪ সে.মি ও চিলমারী পয়েন্টে বিপৎসীমার ৫৪ সে.মি নিচ দিয়ে প্রবাহিত হয়েছে। কুড়িগ্রামের দুধকুমার নদী পাটেশ্বরী পয়েন্টে বিপৎসীমার ৪ সে.মি নিচ দিয়ে প্রবাহিত হয়েছে।
রংপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আহসান হাবীব বলেন, উজানে ভারী বর্ষণের কারণে তিস্তা নদীর পানি ডালিয়া ব্যারেজ পয়েন্টে বিপৎসীমার অতিক্রম করেছে। পানি আরও বাড়তে পারে। রংপুর জেলার গঙ্গাচড়া, কাউনিয়া ও পীরগাছা উপজেলার বন্যায় নিয়ন্ত্রণ বাধের বাইরে নদী অববাহিকায় বা চরাঞ্চলের বাসিন্দাদের সতর্কবার্তা পাঠানোসহ স্থানীয় প্রশাসনকে ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে।









