প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে ৬০ শতাংশ ভোট পড়েছে এবং নির্বাচন শান্তিপূর্ণভাবে, সুষ্ঠুভাবে কোনো সংঘর্ষ ছাড়াই সম্পন্ন হয়েছে। ১৫ জুন বুধবার ভোটগ্রহণ শেষে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে তিনি ওই তথ্য জানান।

সিইসি বলেন, সার্বিক দিক বিবেচনায় বলা যায়, কুমিল্লা সিটিতে ভোটগ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে। ভোটারদের কাছ থেকেও তেমন কোনো অভিযোগ আসেনি। এ সিটিতে (কুমিল্লা) প্রায় ৬০ শতাংশ ভোট পড়েছে। খুব বিরূপ মন্তব্যও আমরা পাইনি।
দায়িত্ব নেওয়ার পর এটি আপনাদের প্রথম পরীক্ষা, এতে কোন ক্লাস পেলেন বলে মনে করছেন, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে কাজী হাবিবুল আউয়াল বলেন, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস আপনারাই করবেন। আমরা মূল্যায়ন করতে পারবো না। আমি বলবো, আমরা আমাদের দায়িত্ব পালন করেছি।

সিইসি বলেন, ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট হয়েছে। সার্বক্ষণিক মনিটরিং করা হয়েছে। ইভিএমে ভালোভাবে ভোট হয়েছে। যারা একটু বয়োবৃদ্ধ তাদের জন্য অসুবিধা হয়েছে।
তিনি আরও বলেন, আগে থেকেই আমরা নির্বাচন স্বচ্ছ করার কথা বলেছিলাম। সেজন্য ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা বসিয়েছি। পর্যবেক্ষকরাও তাদের দায়িত্ব পালন করেছেন। প্রবলভাবে কোনো অভিযোগ পায়নি। তবে বৃষ্টির কারণে ভোটগ্রহণে ধীরগতি ছিল। আজকে কুমিল্লা সিটি করপোরেশন, পৌরসভা ও ১৩২ ইউপি নির্বাচন; সার্বিকভাবে সুষ্ঠু হয়েছে। এসময় সংবাদ সম্মেলনে ৪ নির্বাচন কমিশনারও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে দায়িত্ব নেন কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশন। প্রথম থেকেই তারা আগের চেয়ে সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন করার প্রতিশ্রুতি দিয়ে আসছেন।









