পদ্মা সেতুতে আসন্ন ঈদযাত্রায় মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ ঘোষণার দাবি জানিয়েছে নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটি। দুর্ঘটনা রোধ ও নিরবচ্ছিন্ন যান চলাচলের স্বার্থে ঈদুল আজহার আগে ও পরে মিলিয়ে কমপক্ষে ২০ দিন এই নিষেধাজ্ঞা কার্যকর করার দাবি জানিয়েছেন তারা।

সোমবার জাতীয় কমিটির সভাপতি হাজী শহীদ মিয়া ও সাধারণ সম্পাদক আশীষ কুমার দে এক বিবৃতিতে এই দাবি জানান। তারা বলেন, সাম্প্রতিককালে মোটরসাইকেলে যাতায়াতকারীদের সংখ্যা বেড়ে যাওয়ায় দুর্ঘটনাও বেড়ে চলেছে।
বিবৃতিতে বলা হয়, পদ্মা সেতুর টোল আদায় প্রক্রিয়া আগামী ছয় মাসের আগে শতভাগ অটোমেশন পদ্ধতির আওতায় আসছে না। যেসব টোল প্লাজায় ম্যানুয়ালি আদায় করা হবে, সেখানে যানবাহনের গতি রোধ হবে।

এ অবস্থায় হাজার হাজার মোটরবাইক চলাচল করলে টোল প্লাজাগুলোতে যানবাহনের বাড়তি সময় ব্যয় ও সেতুর দু’পাড়ে জট সৃষ্টি হতে পারে। চালকরা এই ক্ষতি পুষিয়ে নিতে সেতু পার হয়েই বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাবেন।









