কক্সবাজারের খুরুশকুলে বাস্তবায়নাধীন জলবায়ু উদ্বাস্তুদের বিশেষায়িত আশ্রয়ণ প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদ। ৭ এপ্রিল শনিবার দুপুরে সেনাপ্রধান খুরুস্কুল আশ্রয়ণ প্রকল্পে পৌঁছালে প্রকল্পের সার্বিক চিত্র তুলে ধরেন ৩৪ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন বিগ্রেডের কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল মাসুদুর রহমান। এসময় সেনাপ্রধান বলেন, ইতোমধ্যে প্রকল্পের ৩০ ভাগ কাজ শেষ হয়েছে। আগামী বছরের জুন মাসে প্রকল্পের কাজ শেষ হবে।

এসময় লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান, লেফটেন্যান্ট জেনারেল মাে: সাইফুল আলম, মেজর জেনারেল এফ এম জাহিদ হােসেন, মেজর জেনারেল মাে: মােশফেকুর রহমান, ১০ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং মেজর জেনারেল ফখরুল আহসানসহ সেনাবাহিনীর পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিমান বন্দর সম্প্রসারণের কারণে শহরের সমিতি পাড়া ও কুতুবদিয়া এলাকায় আশ্রয় নেয়া জলবায়ু উদ্বাস্তুদের জন্য প্রধানমন্ত্রীর অগ্রাধিকার এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১৩৩৩ কোটি ৬২ লাখ টাকা।

যেখানে স্থায়ী মাথা গোজার ঠাঁই পাবে জলবায়ু উদ্বাস্তু ৩ হাজার ৮০৮টি পরিবার। প্রকল্পে থাকবে ১৩৯ টি পাঁচতলা ভবন, যার মধ্যে তৈরি হওয়া ২০টি ভবনে ৬০০ পরিবারকে ২০২০ সালে বুঝিয়ে দেয়া হয়েছে একটি করে ফ্ল্যাট। বাকী ১১৯টি ভবন নির্মাণের কাজের অগ্রগতি পরিদর্শনে আসেন সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদ।
পরে সেনাপ্রধান ইনানী এবং মেরিন ড্রাইভের হিমছড়িতে সেনাবাহিনীর বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড ঘুরে দেখেন।









