ময়মনসিংহের তারাকান্দায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ ২ জন নিহত হয়েছেন। ওইসময় আহত হয়েছেন আরও ৪ জন। ২৭ এপ্রিল বুধবার সকাল পৌনে ৯টার দিকে ময়মনসিংহ-শেরপুর সড়কের বাগুন্দা মোড় এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের পানবর গ্রামের শরাফত আলীর স্ত্রী হনুফা বেগম (৫০) ও কাংশা গ্রামের নূর ইসলামের ছেলে মাহমুদুল হাসান (৩০)। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকচালক পালিয়ে গেছেন।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, যাত্রীবাহী মাইক্রোবাসটি ময়মনসিংহের দিকে আসছিল। পথে তারাকান্দার বাগুন্দা মোড়ে পৌঁছাতেই বিপরীত দিক আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের দুই যাত্রীর মৃত্যু হয়। আহত হন আরও ৫ জন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।









