আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক কৃষিমন্ত্রী ও কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বেগম মতিয়া চৌধুরী এমপি বলেছেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে থাকলে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়, আর না থাকলে খাদ্যে সংকট হয়। তিনি ২৬ এপ্রিল মঙ্গলবার সকালে শেরপুরের নকলায় উপজেলা পরিষদ হলরুমে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর এবং ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার সামগ্রী বিতরণকালে ওইসব কথা বলেন।

তিনি আরও বলেন, আগে মানুষ জানতেই পারতো না কখন ভিজিএফ আসলো, ভিজিডি আসলো, নগদ টাকা সহায়তা আসলো। পাওয়া তো অনেক দূরের কথা। এখন দেশে সে অবস্থা নেই। শেখ হাসিনা দেশের মানুষের অধিকার ফিরিয়ে দিয়েছেন। নিরাপত্তা দিয়েছেন, দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছেন। শেখ হাসিনার লক্ষ্য, দেশে কোন ভূমিহীন ও গৃহহীন থাকবে না। তাই আজ তৃতীয় পর্যায়ে অসহায়দের জমিসহ ঘর দেওয়া হচ্ছে।
তিনি বলেন ভিজিএফ, ভিজিডি, নগদ টাকা সহায়তা যাই বলেন সবই জনগণের ট্যাক্সের টাকা থেকে সংগ্রহ করা। তাই এগুলো আমি প্রকাশ্য দিবালোকে বিতরণ করতে পছন্দ করি। পেছন থেকে কেউ যেন আঙ্গুল তুলতে না পরে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এমনটি চান। তিনি দৃঢ়তার সাথে বলেন দেশে গণতন্ত্র আছে বলেই শেখ হাসিনা বারবার ক্ষমতায় আসছেন। দেশের উন্নয়ন করছেন। দেশের মানুষ গণতন্ত্রের স্বাদ ভোগ করছেন।

অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, সহকারি কমিশনার (ভূমি) কাউছার আহাম্মেদ, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুশফিকুর রহমানসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




