আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় তৃতীয় ধাপে ঈদ উপহার হিসেবে ভূমিহীন ও গৃহহীন ৩২ হাজার ৯০৪টি পরিবারকে ঘর হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির পিতার আদর্শ নিয়েই কাজ করা হচ্ছে, আর ছিন্নমূল মানুষের ভাগ্য পরিবর্তন করাই এ সরকারের লক্ষ্য বলে জানান প্রধানমন্ত্রী।
২৬ এপ্রিল মঙ্গলবার গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে জমির দলিলসহ ঘরের চাবি প্রদান কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘ঘর পেয়ে মানুষ যখন হাসে তখন সবচেয়ে বেশি ভালো লাগে। এ প্রকল্পের মাধ্যমে অনেক বেদখল জমি উদ্ধার করা সম্ভব হয়েছে। অবহেলিত মানুষের জীবনমান উন্নয়নে কাজ করার বিষয়টি অব্যাহত থাকবে। সারাদেশে প্রায় ৮ লাখ মানুষ ছিন্নমূল, তারা সবাই পর্যায়ক্রমে ঘর পাবেন। মানুষ ঘর পাওয়ার পর তাদের মুখের হাসিই সবচেয়ে খুশির বিষয়। মানুষ যেন মানুষের মতো বাঁচতে পারে সেটিই আওয়ামী লীগ সরকারের লক্ষ্য।’ এ সময় প্রকল্পের সঙ্গে জড়িত সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তিনি।
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘পঁচাত্তর-পরবর্তী সময়ে যারা ক্ষমতায় ছিল তারা ব্যস্ত ছিল নিজের আখের গোছাতে। যারা স্বাধীনতায় বিশ্বাস করে না, তারাই ছিল শাসনভারে। ওই সময় মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। বাংলাদেশ আদর্শের পথ হারিয়ে ফেলে পঁচাত্তরের পর। বিজয়ের আদর্শ ধ্বংস করে পাকিস্তানি ভাবধারায় গড়ে তোলার অপচেষ্টা করেছিল অবৈধ সরকারগুলো।’

এর আগে রবিবার এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব তোফাজ্জল হোসেন মিয়া জানান, মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশের কোনো মানুষ যেন ভূমিহীন-গৃহহীন না থাকে ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই প্রতিটি ভূমিহীন-গৃহহীন পরিবারকে দুই শতক জমির ওপর নিজের ডিজাইন করা দুই রুমবিশিষ্ট একটি করে ঘর উপহার দিচ্ছেন তিনি।
তোফাজ্জল হোসেন মিয়া আরও বলেন, ‘২০২১ সালের ২৩ জানুয়ারি প্রথম পর্যায়ে ৬০ হাজার ১৯১টি ঘর, ২০ জুন দ্বিতীয় পর্যায়ে ৫৩ হাজার ৩০০টি ঘর হস্তান্তর করা হয়েছে। তৃতীয় পর্যায়ে নির্মাণাধীন ঘরের সংখ্যা ৬৫ হাজার ৬৭৪টি। এর মধ্যে ৩২ হাজার ৯০৪টি ঘর হস্তান্তর হচ্ছে।’ তিনি জানান, ঘরগুলো স্বামী-স্ত্রীর যৌথ নামে অথবা স্বামী না থাকলে স্ত্রীর নামে দেওয়া হচ্ছে। প্রায় ৩৩ হাজার ঘর হস্তান্তরের মাধ্যমে প্রায় দেড় লাখ মানুষের আশ্রয় হচ্ছে।









