মুজিববর্ষে কেউ গৃহহীন থাকবে না- এ লক্ষ্যে শেরপুরের শ্রীবরদীতে মুজিববর্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে তৃতীয় পর্যায়ে নির্মিত ঘর হস্তান্তর করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে আগামী ২৬ এপ্রিল ওইসব ঘরের উদ্বোধন করবেন।

এ উপলক্ষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ২৪ এপ্রিল রবিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তারের সভাপতিত্বে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, উপজেলায় ৩য় পর্যায়ে নির্মিত ২৫টি পাকা ঘর দুই শতক জমিসহ ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে ঈদ উপহার হিসেবে আগামী ২৬ এপ্রিল ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান এডিএম শহীদুল ইসলাম। বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) আতাউর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউল হক ও মোহনা টিভি শেরপুর জেলা প্রতিনিধি রেজাউল করিম বকুল প্রমুখ। সংবাদ সম্মেলনে উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।




