ads

শনিবার , ১৬ এপ্রিল ২০২২ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শিগগিরই শক্তিশালী বিরোধী দল দেখার আক্ষেপ ঘুচবে প্রধানমন্ত্রীর : মির্জা ফখরুল

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ১৬, ২০২২ ৮:৩৬ অপরাহ্ণ

‘দেশে শক্তিশালী কোনো বিরোধী দল নেই’—প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন আক্ষেপের সমালোচনা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আওয়ামী লীগের কারণেই এই অবস্থার সৃষ্টি হয়েছে। তবে অল্প সময়ের মধ্যে প্রধানমন্ত্রীর এই আক্ষেপ ঘুচতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।

Shamol Bangla Ads

শনিবার দুপুরে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর ওই আক্ষেপের বিষয়ে মির্জা ফখরুল বলেন, ‘এটা মূল বিষয়গুলোকে এড়িয়ে জনগণকে বিভ্রান্ত করা ছাড়া আর কিছু না। শক্তিশালী বিরোধী দল আছে বলেই এখন পর্যন্ত কথাগুলো আমরা বলছি। কিন্তু সংসদে বিরোধী দল নাই তাদের কারণেই। তাঁরা এই দেশে গণতন্ত্রের কোনো পরিসরই রাখে নাই। গণতন্ত্রের পরিসর না থাকলে একটা ফ্যাসিবাদী রাষ্ট্রের মধ্যে উনি (প্রধানমন্ত্রী) কোনো ধরনের শক্তিশালী বিরোধী দল দেখতে চাচ্ছেন, সেটা আমরা ঠিক বুঝি না। কিন্তু উনি যেটা চাচ্ছেন দেখতে, হয়তো অল্প সময়ের মধ্যে সেটা দেখতে পাবেন।’

মির্জা ফখরুল বলেন, ‘ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী চিকিৎসক জোবাইদা রহমানের লিভ টু আপিল আবেদন খারিজ হওয়ার উদ্বেগ প্রকাশ করেছে বিএনপির স্থায়ী কমিটি। চিকিৎসক জোবাইদা একজন অরাজনৈতিক চিকিৎসক। তাঁকে দুর্নীতি দমন কমিশনের মামলায় জড়ানো সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং প্রতিহিংসামূলক। মামলাটির কোনো ভিত্তি না থাকলেও শুধুমাত্র জিয়া পরিবারকে হয়রানি ও হেয় প্রতিপন্ন করার জন্য এই মামলা দায়ের করা হয়েছে এবং যে আদেশ প্রদান করা হয়েছে তা ফরমায়েশি বলে প্রতীয়মান হয়।’

Shamol Bangla Ads

সম্প্রতি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) গবেষণায় কোভিড-১৯ মোকাবিলায় প্রতিবেশী দেশসমূহের চেয়ে বেশি দামে টিকা ক্রয় ও অর্থ ব্যয়ে চরম অস্বচ্ছতার কারণে ২৩ হাজার কোটি টাকার অনিয়মের তথ্যে বিএনপির স্থায়ী কমিটির উদ্বেগের কথা জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘সরকারের মন্ত্রী ও কর্মকর্তাদের প্রত্যক্ষ মদদে সীমাহীন দুর্নীতির কারণে রাষ্ট্রের মারাত্মক ক্ষতি সাধন হচ্ছে। অবিলম্বে স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদফতরের দুর্নীতির বিষয়গুলো নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দুর্নীতি দমন কমিশনকে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে স্থায়ী কমিটির সভা থেকে।’

বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরির মামলা যুক্তরাষ্ট্রের আদালতে খারিজ হওয়ায় উদ্বেগ প্রকাশ করে বিএনপি মহাসচিব বলেন, ‘চুরির বিষয়টি ধামাচাপা দেওয়ার উদ্দেশ্যেই একেবারে দায়সারা মামলা দায়ের এবং দায়িত্বহীনতার কারণেই মার্কিন আদালতের এখতিয়ার বহির্ভূত মামলা দায়ের করা হয়। বাংলাদেশ ব্যাংকের তদন্তে যে সকল কর্মকর্তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ না করায় প্রমাণিত যে সরকারের কোনো মহল এই অপরাধে সঙ্গে জড়িত। অবিলম্বে সঠিক তথ্য জনগণের সামনে উন্মোচন করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয় স্থায়ী কমিটির বৈঠকে।’

আগামী ১ মে ‘আন্তর্জাতিক শ্রমিক দিবস’ এবং ৩ মে ও ‘ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম দিবস’ পালন বিএনপি পালন করবে বলেও জানান মির্জা ফখরুল।

Need Ads