ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী, শেরপুরের ঝিনাইগাতী উপজেলার দুধনই গ্রামের হতদরিদ্র মজিবুর রহমানের একমাত্র ছেলে গুরুতর অসুস্থ মো. মাসুদের পাশে দাঁড়িয়েছে ঢাকাস্থ শ্রীবরদী-ঝিনাইগাতী উপজেলা কল্যাণ সমিতি। ১০ এপ্রিল রবিবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যালয়ে মাসুদের বাবার হাতে নগদ ৫০ হাজার টাকা তুলে দেন মন্ত্রণালয়ের সমুদ্র বিষয়ক সচিব রিয়ার এ্যাডমিরাল (অবঃ) খুরশেদ আলম। এছাড়া সমিতির পক্ষ থেকে আরও ১ লক্ষ টাকা চিকিৎসা সহায়তা দেওয়ার আশ্বাস দেন তিনি।

সেইসাথে তিনি এলাকাসহ বিভিন্ন পর্যায়ের ধনাঢ্য ব্যক্তিদের মেধাবী ছাত্র মাসুদের চিকিৎসা সহায়তায় এগিয়ে আসার আহবান জানান। ওইসময় অন্যান্যের মধ্যে সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
জানা যায়, মেধাবী শিক্ষার্থী মাসুদ দীর্ঘদিন যাবত কিডনিরোগে আক্রান্ত হয়ে রাজধানী ঢাকার পপুলার হাসপাতাল ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসা শেষে এখন শ্যামলী কিডনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে। চিকিৎসকরা জানিয়েছেন, দ্রুত তার একটি কিডনি ট্রান্সপ্লান্ট করলেই তাকে বাঁচানো সম্ভব। আর এতে খরচ হবে প্রায় ১২ লক্ষ টাকা। কিন্তু ওই বিশাল অঙ্কের টাকা দরিদ্র ও অসহায় পিতার পক্ষে সংগ্রহ করা সম্ভব নয়। তাই মাসুদকে বাঁচাতে বাধ্য হয়ে শেরপুরসহ বিভিন্ন জায়গায় সহযোগিতা চান তার বাবা ও বন্ধু-বান্ধবরা। ওই অবস্থায় মাসুদের সহায়তায় হাত বাড়িয়ে দেন ঢাকাস্থ শ্রীবরদী-ঝিনাইগাতী উপজেলা কল্যাণ সমিতির সভাপতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমুদ্র বিষয়ক সচিব রিয়ার এ্যাডমিরাল (অবঃ) খুরশেদ আলম।

এদিকে ওই সহায়তা পেয়ে ঢাকাস্থ শ্রীবরদী-ঝিনাইগাতী উপজেলা কল্যাণ সমিতির সভাপতিসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মাসুদের বাবা।




