ads

মঙ্গলবার , ৫ এপ্রিল ২০২২ | ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নানা সমস্যায় জর্জরিত নালিতাবাড়ী বিটিসিএল অফিস

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
এপ্রিল ৫, ২০২২ ৩:০৭ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ীতে নানা সমস্যায় জর্জরিত হয়ে পড়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) অফিস। মাত্র একজন কর্মকর্তা দিয়ে অফিসটি পরিচালিত হওয়ায় সেবা থেকে বঞ্চিত হচ্ছেন গ্রাহকেরা।
উপজেলা বিটিসিএল অফিস সূত্রে জানা গেছে, ২০০৪ সালে এই উপজেলায় বিটিসিএলকে ডিজিটালে রূপান্তরিত করা হয়। ৫১২টি টেলিফোন সংযোগের সক্ষমতাসম্পন্ন ওই অফিসটিতে প্রথমে ৩৪৫টি লাইন সংযোগ দেওয়া হয়। পরে বকেয়া বিল ও গ্রাহকের অনিহার কারণে ২০১৮ সালের আগ পর্যন্ত ১৩৭টি লাইন চালু ছিল। কিন্তু জনবলের সংকটের কারণে এবং ক্যাবলগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় বর্তমানে ১৩৭টি টেলিফোন সংযোগের সবকটিই বিচ্ছিন্ন অবস্থায় পড়ে আছে।

Shamol Bangla Ads

কয়েকজন গ্রাহক বলেন, দীর্ঘদিন ধরে আমাদের টেলিফোন লাইন অচল হয়ে পড়ে রয়েছে। বহুবার জানানোর পরও মেরামত করা হচ্ছে না। সরকারি-বেসরকারি অফিস ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতে টেলিফোনের ব্যবহার নেই বললেই চলে। মোবাইল চালুর পর থেকে টেলিফোনের ব্যবহার কমতে কমতে শূন্যের কোঠায় এসে দাঁড়িয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, একজন ইনচার্জ ছাড়া ওই অফিসের কর্মকর্তা-কর্মচারী আর কেউ নেই। জরাজীর্ণ দোতলা অফিস ভবনটি জনশূন্য। এদিকে গত চার বছরের অধিক সময় ধরে বিচ্ছিন্ন রয়েছে উপজেলার পৌর শহরের টেলিযোগাযোগ। উপজেলার বিটিসিএল অফিসের মেশিনারিজ যন্ত্রপাতি ও সুইচ রুমটি দীর্ঘদিন ধরে সংস্কার না করায় অফিস ভবনটিও জরাজীর্ণ আকার ধারণ করেছে। অফিসের সামনে অভিযোগ গ্রহণের জন্য নেই কোনো ‘অভিযোগ বক্স’। অনেক দিন ধরে অফিসের দোতলায় ওঠার সিঁড়ির নিচে ভাঙা ইট ও আবর্জনা স্তুপ হয়ে পড়ে আছে। দোতলায় একটি বড় বেঞ্চ রয়েছে। তাতে খড় দিয়ে বিছানা পেতে রাখা হয়েছে। রাতে সেখানে অফিসের নৈশপ্রহরী থাকেন। তবে নৈশপ্রহরী অফিসের কেউ নন। তাকে ব্যক্তিগতভাবে রাখা হয়েছে বলে জানান অফিসের ইনচার্জ।

Shamol Bangla Ads

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ওই ভবন নির্মাণের পর থেকে আজ অবধি একবারও রং ও চুনকামের কাজ করতে দেখা যায়নি। কোনো ধরনের সংস্কারকাজ চোখে পড়েনি। ঊর্ধ্বতন কর্মকর্তাকেও এখানে বেশি একটা আসতে দেখা যায় না। একজন মাত্র কর্মকর্তা দিয়ে এই সরকারি অফিস টিকে আছে। দীর্ঘদিন ধরে যন্ত্রপাতি, সরঞ্জাম নষ্ট অবস্থাতেই পড়ে আছে। তবু মেরামত করা হয় না।

অফিসের ইনচার্জ সজীব আহমেদ বলেন, আমি দীর্ঘদিন ধরে এখানে আছি। অফিসে আর কোনো লোকজন না থাকায় আপাতত আমিই সব দেখাশোনা করছি। মাটির নিচ দিয়ে দেওয়া সংযোগের তার রাস্তা মেরামতসহ বিভিন্ন কারণে বিচ্ছিন্ন হয়ে গেলে তা মেরামত করা দুষ্কর হয়ে পড়ে। প্রয়োজনীয় যন্ত্রপাতি না থাকায় সংযোগ বিচ্ছিন্ন হওয়ার স্থান খুঁজে পেতে সময় লেগে যায়। জনবল কম হওয়ায় আমাকে একাই সব কাজ করতে হচ্ছে। জনবল ও প্রয়োজনীয় যন্ত্রপাতি বাড়ালে দ্রুত মেরামত করা সম্ভব হবে।

স্থানীয় শিক্ষক জাহিদুল ইসলাম জাহিদ বলেন, সরকারের এই সংস্থাকে আরও আধুনিকায়ন ও যুগোপযোগী করে গড়ে তোলা দরকার, যাতে করে মানুষ খুব সহজেই ডিজিটাল সেবা পেতে পারে। স্থানীয় ব্যবসায়ী বিকাশ সাহা বলেন, আমরা আগে এই অফিসে এসে টেলিফোন করতাম। বর্তমানে মোবাইলের প্রচলন হওয়ায় টেলিফোনের ব্যবহার কমে গেছে। তবু টেলিফোন অফিসটি সচল করা দরকার।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর কবীর বলেন, আমি এ উপজেলায় যোগদানের পর প্রায় ১০ হাজার টাকা খরচ করে মাত্র এক দিনের জন্য সংযোগ পেয়েছিলাম। এরপর থেকে আমাদের অফিসের টেলিফোনটি অনেক দিন ধরেই সংযোগবিচ্ছিন্ন অবস্থায় পড়ে আছে। বিটিসিএল অফিস থেকেও কোনো খোঁজ নেওয়া হয় না। তাঁদের ফোন দিলেও কোনো সারা পাওয়া যায় না। শুধু মাসিক বিল চায়। বিষয়টি নিয়ে আমি সমন্বয় মিটিংয়ে কথাও বলেছিলাম।

এ ব্যাপারে বিটিসিএলের দায়িত্বে থাকা সহকারী প্রকৌশলী বিল্লাল হোসেন বলেন, নালিতাবাড়ীর বিটিসিএল ও লোকবল সংকটের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আশা করছি, লোকবল বাড়ানো এবং বিকল টেলিফোন সংযোগ সচল করতে মেরামতের কাজ খুব তাড়াতাড়ি শুরু হবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!