বিশ্ববাজারে দাম কমার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের বাজারেও স্বর্ণের দাম কমানো হয়েছে। ভরিতে এক হাজার ৫০ টাকা কমিয়ে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ফলে দেশের বাজারে ভালো মানের স্বর্ণ প্রতি ভরির দাম কমে দাঁড়াচ্ছে ৭৭ হাজার ৯৯ টাকা। এর আগে গত ১৫ই মার্চ ভরিতে স্বর্ণের দাম এক হাজার ১৬৬ টাকা কমায় বাজুস।

২১ মার্চ সোমবার বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মঙ্গলবার থেকে সারাদেশে নতুন দাম অনুযায়ী সোনা কেনাবেচা করা হবে। বাজুস জানায়, আন্তর্জাতিক বাজার ও স্থানীয় বুনিয়ন মার্কেটে স্বর্ণের মূল্য কমেছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাজুস স্বর্ণ ও রূপার নতুন দাম নির্ধারণ করেছে।
বাজুসের বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ কিনতে খরচ পড়বে ৭৭ হাজার ৯৯ টাকা। ২১ ক্যারেটের স্বর্ণের দাম এক হাজার ৫০ টাকা কমিয়ে ৭৩ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম কমানো হয়েছে ৯৩৩ টাকা; এখন বিক্রি হবে ৬৩ হাজার ১০২ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৭৫৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৫২ হাজার ৬০৫ টাকা। তবে রূপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে।

ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রূপার মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫১৬ টাকা। ২১ ক্যারেটের রূপার দাম ১৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের দাম ১২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম ৯৩৩ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে।
এর আগে গত ১৫ই মার্চ কমানো দামেই ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হয়েছে ৭৮ হাজার ১৪৯ টাকা। ২১ ক্যারেটের দাম ছিল ৭৪ হাজার ৬৫০ টাকা, ১৮ ক্যারেটের ৬৪ হাজার ৩৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ৫৩ হাজার ৩৬৩ টাকায় বিক্রি হয়েছে।









