নেত্রকোনা-ময়মনসিংহ সড়কে ট্রাক ও মিনি ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। ১২ মার্চ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে নেত্রকোনা সদর উপজেলার রাজেন্দ্রপুর এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন হলেন নেত্রকোনার কলমাকান্দা উপজেলার শুনই গ্রামের আব্দুল আজিজের ছেলে তরিকুল ইসলাম (৩৫)। অপরজন হলেন একই জেলার বারহাট্রা উপজেলার সিন্দা গ্রামের নূরুল হকের ছেলে নূরুজ্জামান (৩০)। তারা দুজনই ডিম ব্যবসায়ী।
স্থানীয়রা জানান, ট্রাকটি রাস্তায় দাঁড়ানো ছিল। দাঁড়ানো ট্রাকটিকে নেত্রকোনাগামী একটি চলন্ত মিনি ট্রাক পিছন থেকে ধাক্কা দেয়। এসময় মিনিট্রাকে থাকা দুইজন ঘটনাস্থলেই মারা যান। পরে পুলিশ মরদেহ দুটিকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান ময়না তদন্তের জন্য।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাখের আহমেদ এ তথ্য নিশ্চিত করে বলেন, ওই ঘটনায় সড়ক দুর্ঘটনা আইনে মামলা হবে। ট্রাক ও মিনি ট্রাককে জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।









