দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২ টেস্ট ও ৩ ওয়ানডে খেলতে প্রথম ধাপে ঢাকা ছেড়েছে ৪ ক্রিকেটার। মোট ২ ভাগে বিভক্ত হয়ে টাইগাররা যাবে প্রোটিয়াদের দেশে।

প্রথম ধাপে দক্ষিণ আফ্রিকার উদ্দেশে রওনা দিয়েছেন নাসুম আহমেদ, ইয়াসির রাব্বী, নাজমুল শান্ত ও এবাদত হোসেন। আজ রাতে দ্বিতীয় ধাপে যাবে আরও কয়েকজন ক্রিকেটার। বাকিরা ফ্লাইট ধরবে আগামী কাল। প্রোটিয়া কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে খুব বেশি সময় পাবেন না টাইগাররা।
দক্ষিণ আফ্রিকার মাটিতে জয়ের রেকর্ড নেই টাইগারদের। যদিও নির্বাচক হাবিবুল বাশার সুমন বলছেন ওয়ানডেতে প্রস্তুতির ঘাটতি থাকলেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের ব্যাপারে টিম ম্যানেজমেন্ট, সাকিব না থাকার ক্ষতি ভুলে এগিয়ে যাওয়ার লক্ষ্য পুরো দলের।

দক্ষিণ আফ্রিকায় ৩টি ওয়ানডে ও ২টি টেস্ট খেলবে বাংলাদেশ। ওয়ানডে সিরিজটি আইসিসি ওয়ানডে সুপার লীগের অংশ। আর ২ ম্যাচের টেস্ট সিরিজটি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভূক্ত। দক্ষিণ আফ্রিকা পৌঁছানোর পর আগামী ১৪ই মার্চ থেকে অনুশীলন করবে বাংলাদেশ।
১৮ই মার্চ সেঞ্চুরিয়নে হবে প্রথম ওয়ানডে। জোহানেসবার্গে দ্বিতীয় ম্যাচটি হবে ২০শে মার্চ। এরপর সিরিজের তৃতীয় ম্যাচটিও সেঞ্চুরিয়নে হবে ২৩শে মার্চ। ৩১শে মার্চ থেকে ডারবানে শুরু হবে প্রথম টেস্ট। আর দ্বিতীয় টেস্ট শুরু হবে ৮ এপ্রিল থেকে পোর্ট এলিজাবেথে। এক মাসের সফর শেষে ১৩ই এপ্রিল দেশে ফেরার কথা রয়েছে টাইগারদের।




