ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় জেলা ক্রীড়া অফিসের আয়োজনে শেরপুরে ৯ মার্চ বুধবার দিনব্যাপী ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জেলা ক্রীড়া সংস্থার ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ওই ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ।

জেলা ক্রীড়া কর্মকর্তা ধীরেন্দ্র চন্দ্র সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মানিক দত্ত ও প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান। ওইসময় জেলা ক্রীড়া সংস্থার অন্যান্য কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষকরা উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় বালক ও বালিকা বিভাগে একক ও দ্বৈত জুটির পৃথক দু’টি ইভেন্ট অনুষ্ঠিত হয়। এতে বালক বিভাগে সরকারি ভিক্টোরিয়া একাডেমীর সুদীপ্ত ঘোষ এককে এবং উৎসব সাহা ও নিবির দে জুটি দ্বৈত চ্যাম্পিয়ন হয়। এছাড়া বালিকা বিভাগে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মাফিয়া আক্তার সৃষ্টি এককে এবং তানজিন বিনতে তারেক তোপা ও তায়্যিবা তারান্নুম ঈশা জুটি চ্যাম্পিয়ন হয়েছে।

খেলা শেষে বিজয়ী ও বিজিতদের মাঝে পুরষ্কার বিতরণ করেন জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মানিক দত্ত, জেলা ক্রীড়া কর্মকর্তা ধীরেন্দ্র চন্দ্র সরকারসহ অতিথিরা। এ প্রতিযোগিতায় বালক ও বালিকা বিভাগে একক ও দ্বৈত ইভেন্টে সদর উপজেলার বিভিন্ন স্কুল-মাদ্রাসার ২১ জন খেলোয়াড় অংশগ্রহণ করে।




