শেরপুরে কবর থেকে আবারও কঙ্কাল চুরি করার ঘটনা ঘটেছে। ৭ মার্চ সোমবার দিবাগত রাতে সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের ভীমগঞ্জ বাজার রহমানিয়া কবরস্থান থেকে একটি চক্র ৬টি কঙ্কাল চুরি করে নিয়ে যায়।

কবরস্থান ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক এ কে এম ফজলুল হক ও কামারিয়া ইউনিয়ন পরিষদের সদস্য মো. আব্দুল করিম কবর থেকে কঙ্কাল চুরির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ভীমগঞ্জ বাজার রহমানিয়া কবরস্থান ব্যবস্থাপনা কমিটি সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে ভীমগঞ্জ বাজারের এক বাসিন্দা তাঁর স্বজনের কবর জিয়ারত করার জন্য ওই কবরস্থানে যান। এ সময় তিনি তাঁর স্বজনের কবরসহ কয়েকটি কবর খোঁড়া দেখতে পান। পরে বিষয়টি তিনি এলাকাবাসী ও কবরস্থান ব্যবস্থাপনা কমিটিকে জানান। সংবাদ পেয়ে কমিটির সাধারণ সম্পাদকসহ এলাকাবাসী ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে মঙ্গলবার বিকেলে সদর থানার এসআই আশরাফুল আলমও ওই কবরস্থান পরিদর্শন করেন।

কবরস্থান ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক এ কে এম ফজলুল হক বুধবার বলেন, কবর থেকে ৬টি কঙ্কাল চুরি হয়েছে। কঙ্কাল চুরি যাওয়ার ঘটনাটি সদর থানা-পুলিশকে জানানো হয়েছে।
এ ব্যাপারে সদর থানার এসআই আশরাফুল আলম বলেন, কঙ্কাল চুরির বিষয়টি মৌখিকভাবে জানার পর তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে ওই ঘটনায় থানায় কেউ অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।




